শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রচলিত শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। সাধারণ পুঁথিগত শিক্ষার বাইরেও ছাত্রছাত্রীদের ভিন্ন ধরনের শিক্ষাদানের ওপর জোর দেওয়া হবে। এতে শিক্ষার্থীরা বইয়ের জ্ঞানের পাশাপাশি সামাজিক শিক্ষা লাভ করবে, যা ভবিষ্যতে কাজে লাগবে। গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারের এক হোটেলে মুঠোফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান নকিয়া বাংলাদেশ আয়োজিত ‘নকিয়া এডুকেশন ডেলিভারি’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। নকিয়ার উদ্যোগে আমেরিকার নকিয়া ইন্টারন্যাশনাল রিডিং অ্যাসোসিয়েশন (আইআরএ) এবং বাংলাদেশ রিডিং অ্যাসোসিয়েশনের (বিআরএ) সহযোগিতায় এ প্রকল্পের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের শিক্ষাদানের দক্ষতা বাড়ানো হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের প্রাথমিক শিক্ষকদের শিক্ষাদানের দক্ষতা বাড়াতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও কর্মশালার ওপর জোর দিতে হবে। কারণ তাঁদের হাতেই নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার মূল ভিত্তি। নকিয়া ইমার্জিং এশিয়ার আবাসিক ব্যবস্থাপক আবু দাউদ খান বলেন, আইআরএ মডিউল ব্যবহার করে ২০ জন প্রশিক্ষকের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হবে, যাতে আগামী তিন বছরে ৬০০ জন প্রাথমিক শিক্ষকের পেশাগত দক্ষতা বাড়ানো সম্ভব হয়। আবু দাউদ খান বলেন, শুরুতে ময়মনসিংহ জেলার তিনটি এবং জামালপুরের সাতটি উপজেলাকে এই প্রকল্পের আওতায় আনা হবে। এর মধ্যে প্রতিটি উপজেলার ১০টি করে স্কুল ও প্রতি স্কুলের দুজন করে শিক্ষককে প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইআরএর পরিচালক শাকিল মালিকসহ নকিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।