পুকুরে বোতল কুড়াতে নেমে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর লালবাগের আজিমপুরে পুকুরে বোতল কুড়াতে গিয়ে ১০ বছর বয়সী দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আজিমপুর কলোনিতে এ ঘটনা ঘটে। শিশু দুটির নাম রিতা ও রাজিয়া।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, শিশু দুটির মায়েরা ভিক্ষাবৃত্তি করেন। শিশু দুটি তাদের মায়ের সঙ্গে লালবাগ কলোনিতে আসে।

তারা পুকুরে বোতল ভাসতে দেখে কুড়াতে যায়। এ সময় তারা পানিতে পড়ে গেলে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শিশু রিতাকে বেলা দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার মায়ের নাম মুক্তা বেগম ও বাবার নাম মো. জয়নাল। থাকত কামরাঙ্গীরচরে। তাদের গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। মা ভিক্ষা করার সময় শিশুটি পানি পড়ে যায়।

অপর শিশু রাজিয়ার বিস্তারিত পরিচয় জানা যায়নি। রাজিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে আজিমপুরের একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।