পুড়িয়ে মারাসহ ১০ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
পল্লবীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পে একই পরিবারের নয়জনকে পুড়িয়ে মারাসহ ১০ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ক্যাম্পবাসী। গতকাল মঙ্গলবার এসব হত্যাকাণ্ডের দুই বছর পূর্তি উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
গতকাল সকালে কুর্মিটোলা বিহারি ক্যাম্পসংলগ্ন পূর্বদিকের কালশী সড়কে ওই ক্যাম্পের কয়েক শ নারী-পুরুষ ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন। প্ল্যাকার্ড ও ফেস্টুনে লেখা ছিল, ‘গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা ইয়াছিনের হত্যার বিচার করতে হবে’। দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন চলে
২০১৪ সালের ১৩ জুন পবিত্র শবে বরাতের রাতে ‘বিহারি হিসেবে পরিচিত’ ওই ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে পাশের বাউনিয়া বাঁধের যুবকদের সংঘর্ষ হয়। এই যুবকেরা ছিলেন মূলত জুয়েল রানার সমর্থক। সংঘর্ষের পরদিন ১৪ জুন সকালে জুয়েল রানার সমর্থকেরা ক্যাম্পের আটটি ঘরে অগ্নিসংযোগ করেন। এতে মো. ইয়াছিনের পরিবারের নারী-শিশুসহ নয়জন সদস্য জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। তাঁর এক মেয়ে ফারজানা কাটা বেড়া দিয়ে বেরিয়ে প্রাণে বেচে যায়। আর পুলিশের গুলিতে নিহত হন ক্যাম্পের বাসিন্দা মো. আজাদ, যিনি ছিলেন বেনারসিপল্লির একজন কারচুপিশ্রমিক। ইয়াছিন সেদিন বাইরে থাকায় বেঁচে গেলেও গত বছরের ৬ সেপ্টেম্বর পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় মারা যান। সন্দেহ করা হয় ইয়াছিনের মৃত্যুতে ওই দুর্বৃত্তদের হাত আছে।