পুতুলের ঘর বানানো হলো না জাকারিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন হলো স্কুল বন্ধ হয়েছে। সকাল বেলাটা ভাইবোনের সঙ্গে খেলাধুলা করেই কাটে। গতকালও তা-ই করেছে। পুতুলের ঘর বানানোর দায়িত্ব পড়েছিল তার ওপর। কিন্তু সেই ঘর আর বানানো হয়নি ছোট্ট জাকারিয়ার। ঘর বানানোর আগেই দেয়াল ধসে নিভে গেছে তার জীবন প্রদীপ।গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সাইবার সেন্টারের দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে। নিহত মো. জাকারিয়া (৯) নীলক্ষেত হাইস্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। তার বাবা মোতালিব হোসেন বিশ্ববিদ্যালয়ের টিএসসির চতুর্থ শ্রেণীর কর্মচারী।টিএসসির পরিচালক মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘দেয়ালটি অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল। তবে সেটা যে এতটা ভঙ্গুর অবস্থায় ছিল, সেটা জানা ছিল না।’টিএসসির দক্ষিণ পাশে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য নির্মিত একটি বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকত জাকারিয়া। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার বড়। ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েন মা কোহিনুর আক্তার। ছেলের স্কুলের পোশাক কোলে নিয়ে তাঁর বিলাপে পরিবেশ ভারী হয়ে ওঠে। একটাই প্রশ্ন, কিছুদিন আগে বানানো নতুন পোশাকগুলো এখন আর কে পরবে? জাকারিয়ার ছোট ভাই ও বোন ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে।কিছুক্ষণ আগ পর্যন্ত খেলতে থাকা ভাইয়ের মৃত্যু তারা কিছুতেই মেনে নিতে পারছিল না। ছোট বোন তানিয়া আক্তার প্রথম আলোকে বলে, ‘সকালে আমরা দেয়ালটির পাশে খেলছিলাম। আমার ছোট ভাই ঝাড়ু দিচ্ছিল আর ভাইয়া কাঠ দিয়ে পুতুলের ঘর বানাচ্ছিল। হঠাৎ দেয়ালটি ধসে পড়ল। তারপর...’ কান্নায় ভেঙে পড়ে তানিয়া।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত জাকারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নাম প্রকাশে অনিচ্ছুক টিএসসির একাধিক কর্মচারী বলেন, ধসে যাওয়া দেয়ালটি টিএসসির ইলেকট্রিশিয়ান তৈয়ব উল্লাহ দুই বছর আগে তৈরি করেন। তবে শুরু থেকেই নির্মাণ-ত্রুটির কারণে এটি ভঙ্গুর অবস্থায় ছিল। এ ব্যাপারে একাধিকবার তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলেও বিষয়টি তিনি আমলে নেননি।আলমগীর হোসেন জানান, বিকেলে মোতালেব মিয়া তাঁর সন্তানের লাশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করেছেন। দুর্ঘটনার কারণ স্পষ্ট হওয়ায় ময়নাতদন্ত হয়নি বলে জানান তিনি।