পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে
রাজধানীর মিরপুরে পুত্রবধূকে শ্লীলতাহানির পর মারধর করার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুরের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে ওই নারী মিরপুর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
ওই নারী অভিযোগ করেন, তাঁর স্বামী প্রায় নয় বছর ধরে বিদেশে থাকেন। তিনি দুই সন্তান নিয়ে শ্বশুরসহ মিরপুরের বাসায় থাকেন। এ ছাড়া ওই বাসায় অন্য কেউ থাকেন না। প্রতিদিনের মতো গত শুক্রবার তাঁর শ্বশুর তাঁকে হাত-পা টিপে দিতে ঘরে ডেকে নেন। একপর্যায়ে শ্বশুর তাঁকে শ্লীলতাহানি করেন। পরে তাঁকে দুই সন্তানসহ বাসা থেকে বের করে দেন। আজ বুধবার বিকেলে বাসায় ফিরলে তিনি শ্বশুরের মারধরের শিকার হন।
ওই নারী অভিযোগ করেন, এ ঘটনার পর শ্বশুর প্রতিবেশীদের কাছে ও বিদেশে অবস্থানরত স্বামীর কাছে তাঁর নামে কুৎসা রটাতে থাকেন। গতকাল মঙ্গলবার রাতে তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জসীমউদ্দিন মোল্লার মাধ্যমে ওসির কাছে গেলেও ওসি মামলা নেননি। তবে ওসি একটি লিখিত অভিযোগ নিয়েছেন।
এ অভিযোগের বিষয়ে রাত আটটায় ওই নারীর শ্বশুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। পুলিশের নির্দেশমতো তিনি এখন থানায় যাচ্ছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতে ওই নারীর লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বুধবার বিকেলে নারীকে মারধর করার প্রসঙ্গে ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর শরীরের আঁচড়ের চিহ্ন দেখেছে। ওই নারীর শ্বশুরও অসুস্থ। রাতে শ্বশুর ও পুত্রবধূকে থানায় ডাকা হয়েছে। দুজনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।