পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ অমানবিক
বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট সভাপতি শিরীন আখতার বলেছেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ অমানবিক। বর্তমান অবস্থায় এভাবে হকারদের কর্মহীন করলে দেশে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে।উচ্ছেদ করা হকারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে গতকাল বুধবার শিরীন আখতার এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় শ্রমিক জোট এ অনুষ্ঠানের আয়োজন করে।শিরীন আখতার আরও বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রশাসন দিয়ে এভাবে সদরঘাট থেকে গুলিস্তান গোলচত্বর পর্যন্ত হকার উচ্ছেদ অমানবিক। হকারদের উচ্ছেদ করে যানজট নিরসন হবে না।সরকারের প্রতি আহ্বান জানিয়ে শিরীন আখতার বলেন, পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ বন্ধ করতে হবে। তিনি একই সঙ্গে হকারদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নইমুল আহসান, সৈয়দ মোতালেব হোসেন, জিয়াউল হকসহ প্রায় ৩০০ হকার। বিজ্ঞপ্তি।