পুনর্বাসন না করে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থায়ী পুনর্বাসন না করে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছেন রাজধানীর কল্যাণপুরের পোড়া বস্তির বাসিন্দারা। আজ বুধবার বেলা তিনটার দিকে টেকনিক্যাল মোড় থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। ওই সময় বস্তিবাসীরা এক পাশ অবরোধ করে টেকনিক্যাল মোড়ে অবস্থান ​নিলে ওই সড়কেযান চলাচল ব্যাহত হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তিবাসীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

বস্তিবাসীরা গতকাল মঙ্গলবার জানিয়েছিলেন, বস্তি উচ্ছেদের বিরুদ্ধে ২০০৩ সালে বেসরকারি সংস্থা আইন ও সালিস কেন্দ্র, দুজন বস্তিবাসী ও আরেকটি সংস্থা যৌথভাবে একটি রিট করলে হাইকোর্ট এ বস্তি উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। পরে ২০০৭ সালে হাইকোর্ট রিটটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উচ্ছেদের ওপর স্থগিতাদেশও দেন। ওই রিটের কার্যক্রম এখনো বহাল রয়েছে। যদিও গতকাল মঙ্গলবার পুলিশ এ বস্তিবাসীদের অন্যত্র সরে যেতে দুদিনের সময় দিয়ে গেছে।
এদিকে গতকাল পোড়া বস্তির পাঁচজনকে আটকের পর ছেড়ে দিয়েছে মিরপুর থানার পুলিশ। বস্তির লোকজনের অভিযোগ, সরকারের পক্ষ থেকে বস্তি উচ্ছেদের চেষ্টা চলছে। এর জন্য চাপ দিতে পাঁচ বস্তিবাসীকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ।