জাসদ মনে করে, আদালতের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণ করা হলে তাতে বেশ কিছু অসামঞ্জস্য ও অসংগতি তৈরি হবে।গতকাল মঙ্গলবার জাসদ আয়োজিত সেমিনারে তাদের মূল্যায়নপত্রে এ কথা বলা হয়েছে।অনুষ্ঠানে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, সংবিধানে জোড়াতালি দেওয়া বা আপসের কোনো জায়গা নেই। পুনর্মুদ্রণের পর যেসব অসংগতি তৈরি হবে, তা দূর করতে হবে।‘সংবিধান সংশোধন, সামঞ্জস্যকরণ ও হালনাগাদকরণ’ শীর্ষক এই সেমিনার গতকাল জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে জাসদের ধারণাপত্রে বলা হয়েছে, সংবিধান পুনর্মুদ্রণ হলে তাতে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা ফিরে আসবে। ফিরে আসবে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার বিধান। এর সঙ্গে বিদ্যমান বিধান ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ সাংঘর্ষিক। আপিল বিভাগ অনুচ্ছেদ ৪৪ বহাল রেখেছে। অনুচ্ছেদটি সংসদ ও সুপ্রিম কোর্টের এখতিয়ার নির্ধারণ-সংক্রান্ত। ফলে মৌলিক অধিকার বলবৎ করার জন্য সংসদ আইনের দ্বারা সাংবিধানিক আদালত, ট্রাইব্যুনাল অথবা কমিশন প্রতিষ্ঠা করার সুযোগ নিয়ে প্রশ্ন দেখা দেবে।সুপ্রিম কোর্টের রায়ে পঞ্চম সংশোধনী বাতিল হওয়ায় সংবিধানের অনুচ্ছেদ ৯৩ পূর্ববর্তী অবস্থায় ফিরে এসেছে। এতে বলা আছে, সংসদ গঠিত অবস্থায় অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন। কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তিত হওয়ার পর সংসদ কিছুদিন ভঙ্গ অবস্থায় থাকে। এ সময় রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা প্রয়োগ বা এর প্রয়োজনীয়তা আছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। রায়ের ফলে ১১৬ অনুচ্ছেদ ফিরে এসেছে। এর বাইরেও জাসদ সংবিধান সংশোধন কমিটিকে সংবিধানের বিশেষ কিছু বিবেচনায় নিয়ে কাজ করার সুপারিশ করেছে। এতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করে সাংসদদের স্বাধীন ভূমিকা পালনের কথা বলা হয়েছে। এ ছাড়া আদিবাসী জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, সংসদ ও স্থানীয় প্রতিষ্ঠানে নারী প্রতিনিধিত্বে অনুপাত নির্ধারণ করে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, স্থানীয় শাসনের বিকেন্দ্রীকরণ, বিচারপতি নিয়োগ ও বদলির ক্ষেত্রে আদালতের স্বাধীনতা নিশ্চিত করা, অবৈধভাবে ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ হিসেবে চিহ্নিত করা এবং প্রধানমন্ত্রীশাসিত সরকারব্যবস্থার বদলে মন্ত্রিপরিষদ-শাসিত সরকারব্যবস্থা প্রবর্তন করার বিষয় বিবেচনায় নেওয়ার সুপারিশ করা হয়েছে।