
চারদিকে সবুজ গাছগাছালি। সবুজের ফাঁকে ফাঁকে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা, প্রাতর্ভ্রমণ ও ব্যায়ামের জন্য আলাদা জায়গা। লেকের পাড় ধরে পায়ে চলা পথ। বিভিন্ন উৎসব আয়োজনের জন্য মঞ্চ। থাকবে ভাসমান রেস্তোরাঁ, পাঠাগার।
রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর এলাকাকে এভাবেই ‘পাবলিক প্লেস’ বা ‘জনসমাগমস্থল’ করার পরিকল্পনা ও নকশা করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্রংকিটের ঢাকা শহরের বুকে এক টুকরা ‘সবুজ উদ্যান’ হবে এই এলাকাটি।
কেমন হবে এই সবুজ উদ্যান? শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁদের ‘ভাবনা’। অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাইয়ের এই ডাকে সাড়া দেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৪টি দল। প্রতিটি দল তুলে ধরে তাদের ভাবনার সূত্র, যা প্রকাশ পেয়েছে তাদের নকশায়। বাছাই করা এমন ৩১টি নকশা নিয়ে জাতীয় জাদুঘরে আয়োজন করা হয়েছে প্রদর্শনী।
গতকাল শুক্রবার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, নানা সমস্যায় জর্জরিত ঢাকার সমস্যা সমাধান সহজ হবে না। তবে আন্তরিকতার ঘাটতি না থাকলে পরিবর্তন সম্ভব। দায়িত্বপ্রাপ্ত সংগঠনগুলোর মধ্যে কীভাবে সমন্বয় করা যায়, সেদিকে গুরুত্ব দিতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, উত্তর সিটি করপোরেশনের অধীনে যেসব পার্ক আছে, সেগুলোর বেশির ভাগই অবৈধ দখলে। প্রতাপশালীরা এদিকে-ওদিকে দখল করে ঘর, দোকান বানিয়ে বসে আছেন। ঢাকাকে আরও পরিবেশবান্ধব করতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।
ঢাকার উন্নয়ন করতে সমন্বিত কর্তৃপক্ষ গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, সরকারের অনেক সংস্থার হাতে ঢাকার একেকটি বিষয়। এসব সংস্থার মধ্যে সমন্বয় প্রয়োজন। ঢাকার দক্ষিণেও একটি সবুজ উদ্যান গড়ে তোলার পরিকল্পনা করার আহ্বান জানান তিনি।
অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতা বিকাশের সুযোগ করে দেওয়া যায়, সে ভাবনা থেকেই এই প্রতিযোগিতার আয়োজন। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে পুরাতন বিমানবন্দরের মতো জায়গাকে কীভাবে উন্নত করা যেতে পারে, শিক্ষার্থীরা তা-ই দেখিয়েছে।
২০১৪ সালের শেষ দিকে এই নকশা প্রণয়ন প্রতিযোগিতার জন্য নিবন্ধন করেন শিক্ষার্থীরা। এ বছরের শুরুতে পুরস্কৃত করা হয় বিজয়ীদের। এবার বাছাই করা নকশাগুলো নিয়ে বড় পরিসরে আয়োজন করা হলো প্রদর্শনীর।
প্রদর্শনী ঘুরে দেখছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আলম। তিনি বললেন, এসব পরিকল্পনা যদি বাস্তবায়িত করা যায়, তাহলে ঢাকার চেহারাই বদলে যাবে। ইট-কংক্রিটের নগরে পরিণত হওয়া ঢাকায় এমন একটি জায়গা খুব প্রয়োজন যেখানে জনগণ একটু শান্তিতে ঘোরার সুযোগ পাবে।
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষে আয়োজিত প্রদর্শনীটি চলবে ১ নভেম্বর পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত।