পুরাতন বিমানবন্দরকে নাগরিক কেন্দ্রে পরিণত করার সুপারিশ
নগর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরকে নাগরিক কেন্দ্রে পরিণত করার পরামর্শ দিয়েছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)। কেন্দ্রের ‘আরবান বাংলাদেশ, চ্যালেঞ্জেস অব ট্রানজিশন’ শীর্ষক গবেষণাপত্রে এই সুপারিশ করা হয়েছে।গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সেমিনারে গবেষণাপত্রটি উপস্থাপন করা হয়। এ সময় পিপিআরসির গবেষক দলের সদস্য আদনান মোর্শেদ বলেন, তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর এলাকায় ৪০০ একর জমি রয়েছে। সব দিক বিবেচনায় এটিকে নাগরিক কেন্দ্রে পরিণত করা যেতে পারে। তিনি বলেন, এত উন্মুক্ত জায়গা ঢাকা শহরের আর কোথাও নেই।নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ঢাকাকে উন্নত করতে হলে বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের অন্যান্য এলাকায়ও উন্নয়ন করতে হবে।বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে নগর উন্নয়ন মানে ঢাকার উন্নয়ন। সারা দেশ থেকে আয় হলেও সব টাকা খরচ হচ্ছে ঢাকায়। ঢাকায় খরচ কমিয়ে অন্যান্য নগরে খরচ বাড়িয়ে নগর উন্নয়নে ভারসাম্য আনতে হবে।অনুষ্ঠানের বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বর্তমানের নগর উন্নয়ন নীতিমালা ঢাকাকেন্দ্রিক হওয়ায় মানুষ এখন ঢাকামুখী। সে জন্য দরকার জেলা শহরের উন্নয়ন এবং সেখানে কাজের সুযোগ তৈরি করা।পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি হোসেন জিল্লুর রহমান বলেন, নগর উন্নয়নের ক্ষেত্রে মধ্য ও দীর্ঘমেয়াদি বিকেন্দ্রীকরণ নীতিমালা গ্রহণ করতে হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক এলেন এ গোল্ডস্টেইন, অধ্যাপক এম এ তসলিম, গবেষক সারোয়ার জাহান প্রমুখ বক্তব্য দেন।