পুরান ঢাকা থেকে নিষিদ্ধ ওষুধ উদ্ধার গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল মঙ্গলবার বিকেলে পুরান ঢাকার বাবুবাজার এলাকার একটি ওষুধের মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছে। এগুলো বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির একটি দল বাবুবাজার আকমল খান রোডের সুরেশ্বরী মেডিসিন মার্কেটের চঞ্চল মেডিকেল হলে অভিযান চালায়। সেখান থেকে বেশ কিছু নিষিদ্ধ ইউনানি ওষুধ জব্দ করে তারা। ওষুধ বিক্রির ওই প্রতিষ্ঠানের মালিক রফিকুল ইসলাম। পরে অভিযান দলটি আলী মার্কেটের স্বাদ মেডিকেলে অভিযান চালায়। ওই প্রতিষ্ঠান থেকে যৌন উত্তেজক ও ব্যথানাশক ভেজাল ওষুধ জব্দ করা হয়। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, বাবুবাজার এলাকায় নকল ও ভেজাল ওষুধ বিক্রি হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা অভিযান চালান। দুটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০ থেকে ৪০ ধরনের আমদানিনিষিদ্ধ ও ভেজাল ওষুধ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওষুধের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। রুহুল আমিন আরও বলেন, এসব ওষুধ বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবদুল জলিল, আজাদ, হায়দার, মাহমুদ হোসেন, আরমান হোসেন ও রনি নামে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানের সময় ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। এ ব্যাপারে সিআইডির পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলা করা হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপসচিব এস এম মনির হোসেন প্রথম আলোকে বলেন, নকল, ভেজাল ও আমদানিনিষিদ্ধ ওষুধ বিক্রি যাতে না হয়, সে জন্য প্রতিটি ব্যবসায়ীকে সমিতির পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে।