পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানোর দাবি
রাসায়নিক দ্রব্যের উৎপাদন, বিপণন, গুদামজাতকরণ ও সরবরাহের একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়নসহ তিন দফা দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল পুরান ঢাকার নিমতলীতে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন ছাড়াও পুরান ঢাকার শতাধিক স্থানীয় বাসিন্দাও যোগ দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম, কারখানা ও দোকান অপসারণের বিভিন্ন দাবি-সংবলিত ব্যানার শোভা পাচ্ছিল। মানববন্ধনে উত্থাপিত দাবির মধ্যে রয়েছে আবাসিক এলাকায় রাসায়নিক দ্রব্যের উৎপাদন, বিপণন ও গুদামজাত বন্ধ করা, শহরতলিতে পৃথক শিল্পনগর প্রতিষ্ঠা এবং পুরান ঢাকা থেকে এ ধরনের দোকান ও কারখানা উচ্ছেদ করা। মানববন্ধন শেষে বক্তারা রাসায়নিক গুদাম ও কারখানা অপসারণের কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, রাসায়নিক পদার্থের কারখানা ও গুদাম কত ভয়াবহ হতে পারে তা নিমতলীর ৩ জুনের অগ্নিকাণ্ডেই স্পষ্ট হয়ে গেছে। এর আগে গত ফেব্রুয়ারিতে বংশালের মকিম বাজারে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড, গত মার্চে হাজারীবাগের ট্যানারির রাসায়নিকে বিস্ফোরণ হয় এবং এতেও হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, পুরান ঢাকার মানুষ আর এমন ভয়াবহ দৃশ্য দেখতে চায় না। এ জন্য অবিলম্বে এর প্রতিকারে কার্যকর ব্যবস্থা নিতে হবে।