পুরান ঢাকার অনেক এলাকায় চুলা জ্বলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁতীবাজারে কাছাকাছি দুটি ভাতের হোটেল। দুপুর সাড়ে ১২টার দিকে অনেক ভিড়। সাধারণত এতটা ভিড় হওয়ার কথা নয়। যারা বসে খাচ্ছে, তাদের চেয়ে প্যাকেট করে বাসায় খাবার নেওয়ার লোক বেশি। ভাত-মাছ, না হলে ডাল-সবজি যা পাওয়া যায়, ব্যগ্র হয়ে কিনছে তারা।
জানা গেল, এলাকায় গ্যাসের চুলা জ্বলছে না। বাসিন্দা রতন ঘোষ বললেন, কয়েক দিন ধরে সমস্যা চলছে। গতকাল বুধবার চুলায় একেবারেই আঁচ ওঠেনি। গ্যাস আসবে না—ভেবে ভাতের হোটেলে ভিড় জমিয়েছেন রতন ঘোষের মতো অনেকেই।
শুধু তাঁতীবাজারে নয়, পুরান ঢাকার অনেক মহল্লাতেই গতকাল গ্যাসের অভাবে চুলা জ্বলেনি। এ ছাড়া শীত শুরু হতে না-হতেই রাজধানীতে পুরোনো সেই ‘স্বল্প চাপজনিত গ্যাস সমস্যা’ দেখা দিয়েছে। বিশেষ করে শহরতলি আশকোনা, দক্ষিণখান ও আশপাশের এলাকায় গ্যাস সমস্যা বেড়েছে। এর বাইরেও রাজধানীর কিছু এলাকার বাসিন্দারা এরই মধ্যে স্বল্পচাপের দুর্ভোগ পোহাতে শুরু করেছেন। সঙ্গে যোগ হয়েছে যান্ত্রিক ও কারিগরি ত্রুটি।
গতকাল সকাল ১০টার দিকে ওসমানী উদ্যানের তিতাস গ্যাস কোম্পানির সিটি সেন্টারে কারিগরি ত্রুটি দেখা দেয়। তিতাসের সিস্টেম অপারেশন বিভাগ সূত্র জানায়, ডেমরায় অবস্থিত ‘সিটি গেট স্টেশন’ থেকে প্রধানত পুরান ঢাকায় গ্যাস সরবরাহের জন্য ‘সিটি সেন্টার’ জমা হয়। সিটি সেন্টারে একটি রেগুলেটর বন্ধ হওয়ায় বড় ধরনের বিপত্তি বাধে।
এর ফলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড, বংশাল, উর্দু রোড, বেগম বাজার, তাঁতীবাজারসহ আশপাশের পুরো এলাকায় গ্যাস ছিল না। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, এলিফ্যান্ট রোডসহ কিছু স্থানে প্রায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে বিকল্প ব্যবস্থায় গ্যাস সরবরাহ চালু করা হলেও অনেক এলাকায় সন্ধ্যার পরও সরবরাহ স্বাভাবিক হয়নি। সন্ধ্যা পৌনে সাতটার দিকে বংশালের আবদুর রহমান রোডে গ্যাস ছিল না বলে এলাকাবাসী টেলিফোনে জানান।
নাজিমউদ্দিন রোডের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতালেব আলী বলেন, গতকাল গ্যাস না থাকায় রান্না হয়নি।
তিতাস গ্যাস কোম্পানির উপমহাব্যবস্থাপক (সিস্টেম অপারেশন বিভাগ) ফায়জার রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সিটি সেন্টারে যে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, তার ধকল রয়ে যায় সন্ধ্যার পরও। তিনি নিজেও সন্ধ্যায় বংশালে গ্যাস না থাকার খবর পেয়েছেন। তবে আশা করছেন, সমস্যা কমে যাবে। স্বল্পচাপজনিত গ্যাস সমস্যা এখনো সে অর্থে ব্যাপক হয়নি বলে তিনি জানান।
যান্ত্রিক ত্রুটির কারণে যেসব সমস্যা, তার সমাধান হলেও প্রতিবছরের মতো এবারও শীতে স্বল্পচাপজনিত সমস্যা বাড়বে বলে তিতাসের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। বিশেষ করে গলির প্রান্তসীমা বা পকেট এলাকায়। এ ছাড়া শীতকালে গ্যাসের চাহিদাও প্রায় ৩০ শতাংশ বেড়ে যায়। শীতকালে গ্যাস সরবরাহ করার সময় পাইপ লাইনে প্রচুর ‘কনডেনসেট’ জমাট বাঁধে। সে জন্য গ্যাসের স্বল্পচাপ সমস্যা দেখা দেয়।