পুরান ঢাকার ঐতিহ্য ফেরাতে সবাইকে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ঐতিহ্যবাহী ভবনগুলো ভেঙে একের পর এক অট্টালিকা তৈরি করলে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। এভাবেই হয়তো একদিন আমরা আমাদের শেকড় ছিঁড়ে ফেলব। এ জন্য পুরান ঢাকার ঐতিহ্য ফেরাতে সবাইকে কাজ করতে হবে। সরকারকে নিতে হবে শক্ত ভূমিকা। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘পুরান ঢাকা বাঁচাও’ শীর্ষক প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এই প্রদর্শনীর আয়োজন করে বেসরকারি সংস্থা আরবান স্টাডি গ্রুপ। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘পুরান ঢাকাকে রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। এ জন্য ক্ষতিপূরণ দিয়ে হলেও ঐতিহ্যবাহী ভবনগুলো বাঁচাতে হবে।’ বেসরকারি সংস্থা ‘ঢাকা কেন্দ্র’-এর চেয়ারম্যান আজিম বখ্শ বলেন, পুরান ঢাকা এখন পুরোটাই একটা জাদুঘর। এটি সংরক্ষণে এখনই কার্যকরী উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবদুল মোমিন চৌধুরী।