পুরান ঢাকার ঐতিহ্য ফেরাতে সোচ্চার হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ধোলাইখালে একসময় নৌকাবাইচ হতো। ভূমিদস্যুরা খালটি গায়েব করে দিয়েছে। এলাকাটি এখন ‘দুই নম্বর’ ব্যবসার জন্য কুখ্যাত। একই কায়দায় শত বছরের ভবনগুলো ভেঙে ফেলা হচ্ছে। একে একে ধ্বংস করা হচ্ছে পুরান ঢাকার সব ঐতিহ্য।গতকাল শনিবার ‘পুরান ঢাকার ঐতিহ্যবাহী ভবন রক্ষায় করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ কথা বলেন। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বুলবুল ললিতকলা একাডেমি (বাফা) যৌথভাবে ওয়াইজ হাউস মিলনায়তনে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।আলোচকেরা বলেন, অতীত ঐতিহ্য ফেরাতে সবাইকে সোচ্চার হতে হবে। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে দেশের তরুণ প্রজন্মকে এর গুরুত্ব বোঝাতে হবে। এগুলো রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।প্রবীণ সাংবাদিক কামাল লোহানী বলেন, ‘ব্রিটিশদের শাসন-শোষণের সাক্ষী হিসেবে পুরান ঢাকায় অনেক ঐতিহ্যবাহী স্থাপনা আছে। এই শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালি জাতীয় সংগ্রামের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে স্থাপনাগুলো সংরক্ষণ করা আমাদের মানবিক দায়িত্ব।’ স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘পঞ্চাশের দশকে বুড়িগঙ্গার পানিতে গোসল করতাম। বিকেলে বাকল্যান্ড বাঁধে গিয়ে বসতাম। পুরো ঢাকাবাসীই এখানে বেড়াতে আসত।’স্থপতি শামসুল ওয়ারেস বলেন, সরকার ঢাকার ৯৩টি ঐতিহ্যবাহী ভবন সংরক্ষণের নির্দেশ দিয়েছে। এর অনেকটি ইতিমধ্যে হারিয়ে গেছে। তাই এখনই ব্যবস্থা নিতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে।ওয়াইজ হাউসকে ঐতিহাসিক স্থাপনা উল্লেখ করে বাফার কোষাধ্যক্ষ মঙ্গল চন্দ্র মন্ডল বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু অর্থাভাবে সংস্কারকাজ করা যাচ্ছে না।বাফার সাধারণ সম্পাদক মো. ছাদুল্লাহ বলেন, ওয়াইজ হাউসকে সরকার অস্থায়ীভাবে ইজারা দিয়েছে। ভূমিদস্যুরা দীর্ঘদিন ধরে এটি দখল করার চেষ্টা করছে।বেসরকারি সংস্থা ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান আজিম বখ্শ অভিযোগ করেন, ঐতিহ্যবাহী ভবন সংরক্ষণের নামে সরকার কয়েকটি এলাকায় সাধারণ ভবন ভেঙে নতুন করে তৈরি করার অনুমোদন দিচ্ছে না। এ জন্য অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকে স্থাপনাগুলো সংরক্ষণে আগ্রহ হারাচ্ছেন।পবার চেয়ারম্যান আবু নাসের বলেন, ওয়াইজঘাট এলাকায় বিআইডব্লিউটিএ অবৈধভাবে যেসব দোকানপাট বসিয়েছে, বুড়িগঙ্গাকে বাঁচাতে ও এর সৌন্দর্য ফিরিয়ে আনতে এগুলো উচ্ছেদ করতে হবে।সাবেক সচিব নাজমুল আহসান চৌধুরী বলেন, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, রূপলাল হাউসের মতো পুরোনো স্থাপনাগুলো রক্ষা করতে হবে। তবে সংস্কার করতে গিয়ে তা যেন ধ্বংস না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।বৈঠকের শেষ পর্যায়ে কামাল লোহানীকে আহ্বায়ক করে ওয়াইজ হাউস ও বুলবুল ললিতকলা একাডেমি রক্ষা কমিটি গঠন করা হয়।