পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলতে বললেন সাঈদ খোকন
হেরিটেজ বাদে পুরান ঢাকার বেশি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে তা ভেঙে ফেলতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
গতকাল সোমবার নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে এক সভায় এ অনুরোধ জানান সাঈদ খোকন। সিটি করপোরেশনের দুর্ভোগ ব্যবস্থাপনা কমিটি (সিসিডিএমসি) এ সভার আয়োজন করে।
সাঈদ খোকন বলেন, দুর্যোগের ওপর কারও হাত নেই। তবে ভূমিকম্প হওয়ার ১৫ সেকেন্ড আগে সংকেত পাওয়া যায়—এমন যন্ত্রের ব্যবস্থা করবে ডিএসসিসি। তা বাস্তবায়িত হলে সংকেত পাওয়ার পরপরই বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন বন্ধ করে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিক কাজ করতে সিসিডিএমসির অধীনে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।
মেয়র বলেন, ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগের পর সমস্যার মোকাবিলার প্রস্তুতি নিতে দেশে ১৭৩ মিলিয়ন ডলারের একটি প্রকল্প দিয়েছে বিশ্বব্যাংক। এর মধ্যে ৯৫ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে ডিএসসিসিকে। আগামী পাঁচ বছরের মধ্যে দুর্যোগ বিষয়ে সক্ষমতা অর্জন করতে বলা হয়েছে। কিন্তু তিন বছরের মধ্যেই ডিএসসিসি তা অর্জন করবে জানান তিনি। সভায় উন্মুক্ত আলোচনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জয়নাল আবেদীন ভূঁইয়া, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্সের পরিচালক মেজর এ কে এম শাকিল নেওয়াজ অংশ নেন।