পুরান ঢাকার পাইকারি বাজারে এখনো ছুটির আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতরের পর গতকাল শুক্রবার পর্যন্ত পুরান ঢাকার পাইকারি বাজারগুলোতে বেচাকেনা জমে ওঠেনি। ঈদের ছুটির আমেজ রয়ে গেছে এখনো। অধিকাংশ বাজারেই দোকানি ও ক্রেতাদের উপস্থিতি ছিল কম। আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকলেও এবার ঈদের নয় দিন ছুটির কারণে সব বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা থাকবে। এ কারণে আজ পুরান ঢাকার পাইকারি বাজারগুলো বেচাকেনায় সরগরম হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

গতকাল দুপুরে পুরান ঢাকার পাইকারি বাজারের মধ্যে চকবাজার, বেগমবাজার, শ্যামবাজার, বাবুবাজার এলাকা ঘুরে দেখা যায়, এসব বাজারের অধিকাংশ দোকানপাটের ঝাঁপ বন্ধ। যানবাহনের জটলা আর মালামাল পরিবহনের চেনা দৃশ্য এখনো ফেরেনি। পরিবেশ ছিমছাম নিরিবিলি। ক্রেতাদের উপস্থিতি কম থাকায় খোলা দোকানগুলোতেও অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা।

তবে শ্যামবাজারে ক্রেতার উপস্থিতি কম থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এটি কাঁচা সবজির বড় পাইকারি বাজার। দেশের বিভিন্ন এলাকা থেকে কাঁচা শাকসবজি নিয়ে আসেন ব্যবসায়ীরা। বিক্রি কম হওয়ায় শসা, করলা, চিচিঙ্গা, লাউ, গাজরসহ বিভিন্ন শাকসবজিতে পচন ধরেছে। এ ছাড়া বাদামতলীর ফলের আড়ত, বাবুবাজার, রায়সাহেব বাজার, সদরঘাট, নয়াবাজার, ইসলামপুর, পাটুয়াটুলী, যাত্রাবাড়ী, দয়াগঞ্জ কাঁচাবাজারেও একই অবস্থা দেখা গেছে। আড়তে কাঁচা সবজি আসছে, কিন্তু খুচরা বিক্রেতারা না আসায় এসব শাকসবজি আড়তে থেকে নষ্ট হচ্ছে। শুক্রবার এমনিতেই পুরান ঢাকায় দোকানপাট খোলা কম থাকে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বেগমবাজারের মসলা ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, ঈদের পর সাধারণত পাইকারি বাজার জমে উঠতে কিছুদিন সময় লাগে। কিন্তু এবার ৮ থেকে ১০ দিন পরও বাজার সরগরম হয়নি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দোকান খোলা থাকে। দিন শেষে হাজার টাকাও বিক্রি হয় না।

দয়াগঞ্জ বাজারের মুদিদোকানি নজরুল ইসলাম বলেন, ঈদের তিন দিন পর থেকে তিনি নিয়মিত দোকানে বসেন। কিন্তু বাজার জমে না ওঠায় দোকানে তেমন বেচাবিক্রি হচ্ছে না। ঈদ করতে গ্রামে যাওয়া অনেকেই এখনো ঢাকায় ফেরেননি। তবে সকাল নাগাদ কিছুটা বেচাবিক্রি ভালো হয়েছে। আজ থেকে বেচাকেনা বাড়ার সম্ভাবনা আছে।