পুরান ঢাকার বিদ্যুৎ-পরিস্থিতি নাজুক: ব্যবসা-বাণিজ্যে মন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বিদ্যুৎ-পরিস্থিতি খুবই নাজুক হয়ে পড়েছে। বিদ্যুতের অব্যাহত সংকটে ব্যবসা-বাণিজ্যে মন্দা দেখা দেওয়ায় অনেকে এই পেশা ছেড়ে দেওয়ার চিন্তা করছেন। বিশেষ করে, ছাপাখানা ও কম্পিউটার-সেবা ব্যবসায়ীদের ভোগান্তি চরমে পৌঁছেছে বলে তাঁরা জানিয়েছেন। সঙ্গে পানি-সংকট তো আছেই।পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেনের কম্পিউটার-সেবা ব্যবসায়ী রাজু আহমেদ জানান, সকাল ১০টায় দোকান খোলার পর সারা দিনে মাত্র চার ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। এতে ব্যবসার অবস্থা খুবই নাজুক। গত বছর দোকানভাড়া ছিল তিন হাজার ৬০০ টাকা। এ বছর তা বাড়িয়ে সাত হাজার টাকা করা হয়েছে। প্রতি মাসে দোকানভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুতের বিল ও আনুষঙ্গিক খরচ পড়ে ২০ হাজার টাকা। বিদ্যুতের এই অবস্থা চলতে থাকলে এক বছরের মধ্যে ব্যবসা গুটিয়ে চলে যেতে হবে।রাজু আহমেদ আরও জানান, সকাল ১০টায় দোকান খোলার পর কম্পিউটার চালু করতেই ৩০ মিনিট লাগে। আর কম্পিউটার চালু হওয়ামাত্রই বিদ্যুৎ চলে যায়। দুই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টায় আসে। একই লেনের ছাপাখানা ব্যবসায়ী আবদুল করিম জানান, কলকারখানার উৎপাদন সবই বন্ধ হয়ে আছে। কলকারখানা যেভাবে চলছে, তাতে ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্য ছেড়ে চলে যেতে হবে।পুরান ঢাকার বাবুবাজার, নয়াবাজার, জিন্দাবাহার ও ইসলামপুর এলাকায় রয়েছে কয়েক শ ছাপাখানা। ওই এলাকার ব্যবসায়ীরা জানান, বিদ্যুতের অভাবে ছাপাখানার ব্যবসায়ীদের বেশি ভোগান্তি হচ্ছে। কাজের অর্ডার নিয়ে যথাসময়ে সরবরাহ করা যাচ্ছে না।বাবুবাজারের ওষুধের ব্যবসায়ী বুলবুল আহমেদ জানান, বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটর দিয়ে কোনোমতে দোকানে বসে থাকা যায়। একটি লাইট ও একটি ফ্যানে মাসে ৩০০ টাকা ভাড়া দিতে হয়। গত দুই দিন জেনারেটর অকেজো ছিল। তখন দোকানে বসে থাকাই কঠিন।বাবুবাজারের একাধিক বাসিন্দা জানান, বিদ্যুতের লুকোচুরির কারণে এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ছাড়াও দেখা দিয়েছে পানি-সংকট। সকালের দিকে গোসল ও রান্নার কাজ শেষ করতে হয়। লোডশেডিংয়ের সময় প্রচণ্ড গরমে শিশু ও বৃদ্ধ লোকদের কষ্টের সীমা থাকে না। ঢাকা সিটি করপোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রফিক প্রথম আলোকে বলেন, ‘ভাই বিদ্যুতের কথা কইয়েন না, ভোগান্তির শ্যাষ নাই। ব্যবসা-বাণিজ্য, ছেলেমেয়েদের লেখাপড়া সবকিছুতেই সমস্যা হচ্ছে।’বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপসচিব এস এম মনির হোসেন প্রথম আলোকে বলেন, বিদ্যুতের কারণে জীবন বিপন্ন হয়ে পড়েছে। সকালে দোকানে এলে বিদ্যুৎ পাওয়া যায় না। রাতে বাসায় গিয়ে পানি পাওয়া যায় না। গরমে রাতের ঘুম হারাম হয়ে যায়। বাংলাবাজার এক্সচেঞ্জের উপব্যবস্থাপক শাহজাহান আলী বলেন, তাঁদের অঞ্চলে ৪২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন, কিন্তু সেখানে সরবরাহ করা হচ্ছে ১৮ থেকে ১৯ মেগাওয়াট।