সন্ত্রাসীদের হাতে পুরান ঢাকার তাঁতীবাজারের স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম নিহত হওয়ার ঘটনায় গতকাল রোববার তাঁতীবাজার, শাঁখারীবাজার ও কোতোয়ালি রোডের ব্যবসায়ীরা বৈঠক করে চাঁদাবাজদের দৌরাত্ম বন্ধের দাবি জানিয়েছেন। নিরাপত্তা চেয়ে আজ সোমবার ব্যবসায়ী-নেতারা লালবাগ অঞ্চলের পুলিশের উপকমিশনারের কাছে মৌখিকভাবে তাঁদের সমস্যাগুলো তুলে ধরবেন। কাঙ্ক্ষিত আশ্বাস না পেলে তাঁরা বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানিয়েছেন। গতকাল সকাল ১১টার দিকে তাঁতীবাজার, শাঁখারীবাজার, কোতোয়ালি রোড ও প্রসন্ন পোদ্দার লেনের বণিক সমিতির, শিল্প সমিতি, বুলিয়ট সমিতি, জুয়েলারি সমিতি, সাধারণ ব্যবসায়ী ও আওয়ামী লীগের কয়েকজন নেতা বৈঠকে উপস্থিত ছিলেন। এলাকার চাঁদাবাজি রোধে ব্যবসায়ীরা প্রতিটি দোকানে লাঠি, বাঁশি রাখা, প্রবেশ পথে ফটক নির্মাণ ও আনসার সদস্য রাখার পক্ষে মতামত দেন। একজন তরুণ ব্যবসায়ী নিহত হওয়ার পরও স্থানীয় সাংসদ ঘটনাস্থলে না আসায় ব্যবসায়ী নেতাদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, এখানকার ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছেন। কেউ নিরাপদ নয়। প্রতিবাদ করতে গেলে উল্টো তাঁদের জীবনের ওপর হুমকি নেমে আসে। তাঁরা বলেন, প্রতিষ্ঠানে নিরাপত্তা দেওয়া হলেও মুঠোফোনে তাঁদের হুমকি দেওয়া হয়। তাঁতীবাজারের একজন বন্ধকী ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে কেউ নতুন দোকান নিতে গেলে সন্ত্রাসীরা মোবাইল ফোনে পাঁচ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করে। দাবি করা টাকা পাওয়া না গেলে তাঁদের ওপর দুর্ভোগ নেমে আসে। অনেকে ভয়ে সন্ত্রাসীদের সঙ্গে দেনদরবার করেন। ওই ব্যবসায়ী আরও বলেন, চাঁদা নেওয়ার আগে সন্ত্রাসীরা মুঠোফোনে এই বলে হুমকি দেয়, ‘আমার লোক পাঠালাম। তার কোনো ক্ষতি হলে বংশ নির্বংশ করা হবে।’ তখন ব্যবসায়ীরা ভয়ে কেউ মুখ খোলেন না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাঁতীবাজার ও আশপাশের এলাকায় ডাকাত শহীদের লোকজন চাঁদাবাজি করত। তার হয়ে যুবদল নেতা ভুট্টো চাঁদা উঠাত। পরে ডাকাত শহীদের সঙ্গে ভুট্টোর বিরোধ দেখা দিলে সে নিজেই আলাদাভাবে চাঁদাবাজি শুরু করে। বর্তমানে ভুট্টোর সেকেন্ড ইন কমান্ড হিসেবে রয়েছে ছোট অপু। এই অপু সব হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। আর এদের আশ্রয় দিচ্ছে বর্তমান ক্ষমতাসীন দলের এক নেতা।গত বুধবার কালাম সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। নিহত কালামের ভাই আবদুল আওয়াল জানান, গতকাল মীর হাজিরবাগের বাসায় কালামের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তিনি ভাই হত্যার বিচার দাবি করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, চাঁদাবাজিকে কেন্দ্র করে আবুল কালাম খুন হয়েছেন। কালাম হত্যার ঘটনায় জড়িত অভিযোগে গত রোববার চিমা নামে আরেক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে রিমান্ডে থাকা বিজয় রায় ও চিমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ সোমবার তাদের আদালতে হাজির করা হবে। প্রসঙ্গত, গত বুধবার বিকেলে তিনজন সন্ত্রাসী দোকানে ঢুকে কালামকে গুলি করে চলে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।