পুরান ঢাকায় অটিস্টিক শিশুদের জন্য বিশেষ প্রতিষ্ঠান নেই
পুরান ঢাকার নারিন্দার বাসিন্দা ইশরাত জাহানের অটিস্টিক ছেলের বয়স নয় বছর। আক্ষেপ করে তিনি প্রথম আলোকে বলেন, ‘ছেলের স্কুলে যাওয়ার বয়স হয়েছে। কিন্তু এলাকায় এ ধরনের শিশুদের জন্য স্কুল নেই। খরচ ও দূরত্বের কথা চিন্তা করে নতুন ঢাকায় যাওয়ার কথা ভাবতেও পারি না।’প্রায় ২০ লাখ জনসংখ্যা-অধ্যুষিত পুরান ঢাকায় অটিস্টিক শিশুদের জন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ফলে ইশরাত জাহানের মতো ওই এলাকার অটিস্টিক সন্তানের অভিভাবকেরা অসহায় হয়ে পড়েছেন।ভুক্তভোগী কয়েকজন অভিভাবক জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নতুন ঢাকায় অটিস্টিক শিশুদের জন্য রয়েছে ২২টি স্কুল ও প্রতিষ্ঠান। কিন্তু এ ক্ষেত্রে পুরান ঢাকা বৈষম্যের শিকার।ইশরাত জাহান জানান, মোহাম্মদপুরে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে ছেলেকে ভর্তি করিয়েছিলেন। কিন্তু সেখানকার খরচ চালানো তাঁর পক্ষে সম্ভব হয়নি। তা ছাড়া পুরান ঢাকা থেকে অটিস্টিক ছেলেকে প্রতিদিন নতুন ঢাকায় নেওয়া সম্ভব ছিল না।বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সেনাকুঞ্জের বিপরীত পাশে অবস্থিত ‘প্রয়াস’ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল মো. ফখরুল আহসান প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতিষ্ঠানে ওয়ারি থেকেও অভিভাবকেরা সন্তানকে নিয়ে আসেন। কেননা, অভিভাবকদের এ ছাড়া উপায় নেই। তবে এটা দরিদ্র অভিভাবকদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।’জানা যায়, পুরান ঢাকায় একদিকে অটিস্টিক শিশুর শনাক্তকরণ দেরি হচ্ছে, অন্যদিকে শনাক্তকরণ হলেও বিশেষায়িত প্রতিষ্ঠান না থাকায় তাদের একপ্রকার ঘরে বন্দী করে রাখা হচ্ছে। সামাজিকতার কারণে পুরান ঢাকায় অটিস্টিক এবং অন্যান্য প্রতিবন্ধিতার শিকার শিশুদের বাইরে যেতে দেওয়া হয় না।পুরান ঢাকার কাপ্তানবাজারে অবস্থিত নবাবপুর সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আখতার খানম প্রথম আলোকে বলেন, পুরান ঢাকার মতো বিশাল এলাকায় অনেক অটিস্টিক শিশু আছে। কিন্তু তাদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান নেই। গত দেড় বছরে এই স্কুলে দায়িত্ব পালনকালে অটিস্টিক শিশু ভর্তি করাতে কোনো অভিভাবক আসেননি বলেও তিনি জানান।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, রাজধানীর ২৪টি সরকারি বিদ্যালয়ে ভর্তির যে নীতিমালা রয়েছে, তাতে অটিস্টিক শিশুদের জন্য কোটা আছে। কিন্তু ওই কোটা পূরণ হয় না।অন্যদিকে অটিস্টিক ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য ইশরাত জাহান পুরান ঢাকার কয়েকটি মূলধারার স্কুলে ঘুরেছেন। কিন্তু সেসব স্কুল কর্তৃপক্ষের কথায় তিনি সন্তুষ্ট হতে পারেননি।অটিজমের সঙ্গে পরিচয় নেই: পুরান ঢাকার বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং সাধারণ লোকদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা অটিজম শব্দটির সঙ্গে পরিচিত নন। চকবাজার ও বংশাল থানায় ৬০ ও ৬৭ নম্বর ওয়ার্ডের কমিশনার মো. আজিজ উল্লাহ ‘বিকলাঙ্গ’ শিশুদের অটিস্টিক শিশু বলে কি না, তা প্রথম আলোর প্রতিবেদকের কাছে জানতে চান। পরে তিনি বলেন, ‘আমার এলাকায় প্রায় এক লাখ ২৫ হাজার লোকের বসবাস। এলাকায় পাঁচটি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য বেসরকারি বিদ্যালয় আছে। তবে অটিস্টিক শিশুদের জন্য কোনো বিদ্যালয় নেই।’৫৮ নম্বর ওয়ার্ডের কমিশনার মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পেপারে অটিস্টিক শিশু সম্পর্কে লেখা দেখেছি। এর বেশি কিছু জানি না। আমার এলাকায় অনেক স্কুল থাকলেও এ ধরনের কোনো স্কুল নেই। কোনো বেসরকারি সংস্থা এ বিষয়ে এগিয়ে এলে সহায়তা দেওয়া হবে।’৬২ নম্বর ওয়ার্ডের কমিশনার আশরাফ আলীও স্বীকার করলেন তিনি অটিজম শব্দটির সঙ্গে পরিচিত নন এবং তাঁর এলাকায় এই শিশুদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেই।জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজি মো. নুরুল কবির প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে পুরান ঢাকায় অটিস্টিক শিশুদের জন্য বিশেষায়িত কোনো প্রতিষ্ঠান কাজ করছে না। এ ছাড়া ওই এলাকায় এমন স্কুল খোলার জন্য বাড়ি ভাড়া পাওয়া দুষ্কর।’ পুরান ঢাকায় অটিস্টিক শিশুদের জন্য বিশেষ প্রতিষ্ঠান চালুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হবে বলে জানান তিনি।