পুরান ঢাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকায় গতকাল সোমবার পাঁচটি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা সিটি করপোরেশন (দক্ষিণ)। এ ছাড়া যাত্রাবাড়ী এলাকায় তিনটি স্থাপনার মালিককে মালামাল সরিয়ে নিতে দুই দিনের সময় দেওয়া হয়েছে। সূত্র জানায়, গতকাল দুপুরের দিকে ঢাকা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানের প্রথম পর্যায়ে পুরান ঢাকার কাপ্তানবাজারে দোকান উচ্ছেদ করা হয়। এরপর অভিযান পরিচালনাকারী দল যাত্রাবাড়ীর জনপথ রোড এলাকায় যায়। সেখানে মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। অভিযানে ১২ জন পুলিশ ও ২০ জন শ্রমিক অংশ নেন। গতকাল বিকেলে কাপ্তানবাজারে গিয়ে দেখা যায়, বুলডোজার দিয়ে সেখানে দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে। ওই দোকানগুলো ঘেঁষেই চলছে উড়ালসেতু নির্মাণের কাজ। উচ্ছেদের খবর শুনে উৎসুক জনতা সেখানে ভিড় করে। খোঁজ নিয়ে জানা যায়, কাপ্তানবাজারে উচ্ছেদ হওয়া পাঁচটি দোকানের মালিক হচ্ছেন সাবেক কমিশনার আবুল বাশার। দোকান নির্মাণের ব্যাপারে জানতে তাঁর মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। অবশ্য তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত মো. জিয়া নামের একজন প্রথম আলোর কাছে দাবি করেন, সিটি করপোরেশন কর্তৃপক্ষ ওই জায়গা ভাড়া দিয়েছে। কত দিনের জন্য ভাড়া দিয়েছে—জানতে চাইলে তিনি বলেন, অনির্দিষ্টকালের জন্য।সিটি করপোরেশন সূত্র জানায়, জনপথ রোডের স্থাপনাগুলো দুই ও তিনতলাবিশিষ্ট। সেখানে কেউ কেউ পরিবার নিয়ে থাকেন। একটিতে বাস কাউন্টার স্থাপন করা হয়েছে। সবকিছু বিবেচনা করে মালামাল সরিয়ে নেওয়ার জন্য দুই দিনের সময় দেওয়া হয়েছে। দুই দিন পর তা ভেঙে ফেলা হবে।ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, কাপ্তানবাজার ও জনপথ রোডের স্থাপনাগুলো সিটি করপোরেশনের জায়গার ওপর অবৈধভাবে নির্মিত। এ ধরনের আরও অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে সব উচ্ছেদ করা হবে। তবে ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন বলেন, ওই জায়গা কাউকে ভাড়া দেওয়া হয়নি। এক বছর আগেও ওই জায়গা থেকে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছিল।