পুরান ঢাকায় আগুনে পুড়েছে ৪৭টি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সদরঘাটের একটি মার্কেটে গত শুক্রবার মধ্যরাতে অগ্নিকাণ্ডে ৪৭টি দোকান পুড়ে গেছে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে সদরঘাট এলাকার সিমসন রোডে ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির একতলা আধাপাকা মার্কেটের একটি বইয়ের দোকানে আগুন ধরে যায়। কিছু সময়ের মধ্যে তা অন্য দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ৪৭টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে সদরঘাটের তিনটি ও ফায়ার সার্ভিসের ফুলবাড়িয়া সদর দপ্তরের পাঁচটি ইউনিট পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে মার্কেটের ৩২টি বইয়ের দোকান ও ১৫টি ক্রোকারিজের দোকান পুড়ে যায়।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।