পুরান ঢাকায় আবারও দোকানে গুলি, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার তাঁতীবাজারে দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যার রহস্য উন্মোচিত হওয়ার আগেই গতকাল সোমবার আবারও দোকানে ঢুকে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক মোটরগাড়ির যন্ত্রাংশ ব্যবসায়ী ও দোকান কর্মচারী আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন ব্যবসায়ী হাজি নাজিমউদ্দিন (৬৫) ও দোকান কর্মচারী নির্মল চন্দ্র দত্ত (৫৫)। নাজিমউদ্দিনের বুকের বাঁ পাশে ও নির্মলের ডান ঊরুতে গুলি লেগেছে। নাজিমের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক জামে মসজিদ মার্কেটে নাজিম ব্রাদার্স নামের একটি দোকানের মালিক নাজিমউদ্দিন। এ দোকানেই গুলির ঘটনা ঘটে। ঘটনার পর ওই মার্কেট ও আশপাশের সব ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন। তাঁদের অনেকেই ভিড় জমান ঢাকা মেডিকেলে। হাসপাতালে আহত নির্মল জানান, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি ও নাজিম দোকানে বসে চা পান করছিলেন। এ সময় দোকানের সামনে এসে একটি মোটরসাইকেল থামে। মোটরসাইকেল থেকে একজন দোকান লক্ষ্য করে কয়েকটি গুলি করে চলে যায়। এরপর আশপাশের ব্যবসায়ীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে নির্মল ঘটনার কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি।এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। চাঁদা না পূর্বশত্রুতার কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তের পর বলা যাবে।আহত নাজিমের ভাই মোটরগাড়ির যন্ত্রাংশ ব্যবসায়ী মজিবুর রহমান জানান, তাঁদের এমনিতে কোনো শত্রু নেই। নাজিমকে কেউ হুমকি দিচ্ছিল কি না তা তিনি বলতে পারছেন না।এর আগে গত বুধবার বিকেলে রাজধানীর তাঁতীবাজারে দোকানে ঢুকে সন্ত্রাসীরা স্বর্ণ ব্যবসায়ী আবুল কালামকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনও গ্রেপ্তার হয়নি।