পুরান ঢাকায় ককটেলসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার গেন্ডারিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে সাতটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই বাসা থেকে তিন ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। গেন্ডারিয়া থানা সূত্র জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশ গেন্ডারিয়ার বেগমগঞ্জ লেনের ৪/২/বি নম্বর বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসার খাটের নিচ থেকে পুলিশ কাগজের ঠোঙায় মোড়ানো সাতটি ককটেল উদ্ধার করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই বাসা থেকে তিন ভাই নূর হোসেন (৩৮), খোকন (৩৫) ও মিলনকে (২৬) গ্রেপ্তার করে। পরে পুলিশ ককটেলগুলো উদ্ধার করে থানায় এনে পানিতে ভিজিয়ে তা নিষ্ক্রিয় করে।গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ককটেলগুলো বাসায় রেখে তাঁর বিধবা ভাবি লাভলী বেগমকে ফাঁসাতে চেয়েছিলেন। লাভলীকে উচ্ছেদে এর আগেও তাঁরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এই জিডিতে উল্লেখ করা তথ্য ছিল সবই মিথ্য। ওসি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।