পুরান ঢাকায় গুলিতে স্বেচ্ছাসেবক লীগের নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় গতকাল মঙ্গলবার সকালে সন্ত্রাসীদের গুলিতে ৮২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ব্যবসায়ী শরিফুর রহমান (৪৫) আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শরিফুরের স্বজন ও সূত্রাপুর থানার পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে শরিফুর মেয়েকে লক্ষ্মীবাজারে স্কুলে দিয়ে রিকশাযোগে গেন্ডারিয়ার বাসায় ফিরছিলেন। রিকশাটি পাতলা খান লেনে পৌঁছার পর কয়েকজন যুবক তাঁর গতিরোধ করে এবং তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাঁর শরীরে পাঁচটি গুলি বিদ্ধ হয়েছে।সূত্রাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শওকত আলী বলেন, শরিফুর ২০১০ সালে গেন্ডারিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার প্রধান আসামি। ধারণা করা হচ্ছে, শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।শরিফুরের বড় বোন সেতারা ইসলাম হাসপাতালে সাংবাদিকদের বলেন, গেন্ডারিয়ায় শরিফুরের একটি চায়নিজ রেস্তোরাঁ আছে। দীর্ঘদিন ধরে কয়েকজন সন্ত্রাসী তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছিল। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাঁকে গুলি করেছে। তিনি দাবি করেন, শরীফুরের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।