পুরান ঢাকায় ছাত্র-শ্রমিক সংঘর্ষ বাস ভাঙচুর, আহত দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে পরিবহনশ্রমিকদের সংঘর্ষে এক ছাত্রসহ দুজন আহত হয়েছেন। বিক্ষুব্ধ ছাত্ররা বেশ কয়েকটি বাস ভাঙচুর করেন। গতকাল রোববার পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।সংঘর্ষে এক বাসচালক আহত হলে শ্রমিকেরা দুপুরে ধর্মঘটের ডাক দেন। এ কারণে সদরঘাট-গুলিস্তান সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বিকেল পাঁচটার পর সীমিত আকারে যান চলাচল শুরু হয়। তবে নিরাপত্তার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর চলাচল বাতিল করে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টায় বাসের ভাড়া নিয়ে সরকারি কবি নজরুল কলেজের কয়েকজন ছাত্রের সঙ্গে পরিবহনশ্রমিকদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্ররা সংঘবদ্ধ হয়ে সুপ্রভাত পরিবহনের এক চালককে মারধর ও কয়েকটি বাস ভাঙচুর করেন। এর প্রতিবাদে পরিবহনশ্রমিকেরা দুপুর থেকে সদরঘাট-গুলিস্তান সড়কে পরিবহন ধর্মঘট শুরু করেন।বেলা তিনটার দিকে শিক্ষার্থীদের নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি বাস ছাড়ে। বাসগুলো গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় পৌঁছালে পরিবহনশ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং বাসগুলো আটকে রাখেন। ইটের আঘাতে বাসের জানালার কাচ ভেঙে বাংলা বিভাগের এক ছাত্র আহত হন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা পুলিশ ও শ্রমিকনেতাদের সহযোগিতায় বাস দুটি ক্যাম্পাসে ফিরিয়ে আনেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা বাহাদুর শাহ পার্ক এলাকায় সড়কে থাকা ৮-১০টি বাস ভাঙচুর করেন।এ অবস্থায় পুলিশ মারমুখী অবস্থান নিলে ছাত্ররা ক্যাম্পাসে ফিরে যান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ ও প্রক্টর কাজী আসাদুজ্জামান ছাত্রদের শান্ত করার চেষ্টা চালান। প্রক্টর সাংবাদিকদের বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে পরিস্থিতি এখন শান্ত।এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করেন।