পুরান ঢাকায় ছয়বার বিদ্যুৎ গেছে, পানিরও সমস্যা
পুরান ঢাকার কিছু এলাকায় গতকাল শুক্রবার ছয়বার বিদ্যুৎ যাওয়া-আসার ঘটনা ঘটেছে। ছুটির দিনে বিদ্যুতের এই ঘন ঘন যাওয়া-আসার কারণে পানি সরবরাহেও বিঘ্ন ঘটে। এ ছাড়া বিদ্যুৎ সমস্যা চলছে মিরপুর, ঢাকা পূর্বাঞ্চলীয় এলাকায়ও।
গতকাল সকালে মতিঝিল মধুমিতা সিনেমার পেছনে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার ছিঁড়ে যায়। এ ছাড়া গোপীবাগ আড়াই লেনে অবস্থিত অপর একটি ট্রান্সফরমারও বিকল হয়ে পড়ে। এ কারণে গোপীবাগ, আর কে মিশন রোড, অভয় দাস লেন, পেয়াদাপাড়াসহ আশপাশের এলাকায় বিদ্যুৎব্যবস্থা অচল হয়ে পড়ে।
৪৯ নম্বর আর কে মিশন রোডের একটি বহুতল আবাসিক ভবনের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, গতকাল সকাল সোয়া আটটার দিকে প্রথম বিদ্যুৎ চলে যায়। একটু পর আসে। এরপর বিকেল চারটার মধ্যে ছয়বার বিদ্যুৎ যাওয়া-আসার ঘটনা ঘটে। এর মধ্যে দুপুরে এক ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ ছিল না। এ ছাড়া এক থেকে আধা মিনিটের জন্য বিদ্যুৎ গিয়ে আবার চলে এসেছে—এমনও ঘটেছে বেশ কয়েকবার। বারবার বিদ্যুৎ যাওয়া-আসার কারণে ওই অ্যাপার্টমেন্টের দুজন বাসিন্দার ঘরের ফ্রিজ বিকল হয়ে যায়। একজন বলেন, তুলনামূলক সস্তা হওয়ায় অনেক ইলিশ মাছ কিনে ফ্রিজে রেখেছিলেন। কোরবানির কিছু গোশতও ফ্রিজে ছিল। সেগুলো এখন নষ্ট হচ্ছে। বিকল হয়ে যাওয়ার আশঙ্কায় কোনো কোনো বাসিন্দা বাধ্য হয়ে ফ্রিজ বন্ধ করে রাখেন বলেও জানান। একজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুতের ঘন ঘন যাওয়া-আসার কারণে চার্জে দেওয়া তাঁর একটি মুঠোফোন নষ্ট হয়ে যায়। পরে হাতিরপুলের একটি বিপণিবিতানে মুঠোফোন মেরামত করতে গিয়ে তিনি জানতে পারেন, এর গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ জ্বলে গেছে।
গোপীবাগ সেকেন্ড লেনের একটি বহুতল আবাসিক ভবনের বাসিন্দা লোকমান হোসেন বলেন, মেয়েকে নিয়ে লিফটে থাকা অবস্থায় বিদ্যুৎ চলে যায়। এ সময় তাঁর শিশুকন্যা ভয়ে চিৎকার করে ওঠে। জেনারেটর ঠিকভাবে কাজ না করায় তিনিও আতঙ্কিত হয়ে পড়েন।
মতিঝিল জনতা ব্যাংকের কাছে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার আগেই বিকল ছিল। এ জন্য আশপাশের এলাকায় বিদ্যুৎ সমস্যা ছিল। গতকাল দুপুরে সেটি সংস্কার করার জন্য ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের লোকদের কাজ করতে দেখা যায়।
ডিপিডিসির কমলাপুর উপকেন্দ্র থেকে কর্তব্যরত কর্মকর্তা বলেন, একসঙ্গে একাধিক ট্রান্সফরমার ও ফিডার বিকল হয়ে পড়ায় বিদ্যুৎ সমস্যা বেড়ে যায়।
দিনে-রাতে যখন-তখন বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ করেছেন দোলাইর পাড়, দনিয়া, রসুলপুর ও আশপাশের এলাকাবাসীও। দোলাইর পাড়ের বাসিন্দা আবদুল করিম অভিযোগ করেন, প্রায় প্রতি রাতেই দু-তিন দফায় বিদ্যুৎ চলে যায়। গরমে কষ্ট করতে হয়। মিরপুরের ১৪ নম্বর, কাফরুল, বউবাজার এলাকায়ও গভীর রাতে বিদ্যুৎ চলে যাওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটার দিকে বিদ্যুৎ গিয়ে অন্তত দেড় ঘণ্টা পর আসে বলে জানান এলাকাবাসী। বিদ্যুৎ যাওয়ার কারণও জানতে পারেন না এলাকাবাসী।
এদিকে বিদ্যুৎ সমস্যার কারণে গতকাল সকালে গোপীবাগ গভীর নলকূপের পাম্প বন্ধ দেখা যায়। এ জন্য সেখানে আসা আশপাশের এলাকাবাসী পানি সংগ্রহ করতে পারেননি। সেখানে পেয়াদাপাড়ার একজন বাসিন্দা নাজির রহমান বলেন, ‘বিদ্যুৎ না থাকায় বাসায় পানি ওঠানো সম্ভব হয়নি। পাম্পে পানি সংগ্রহ করতে এসে সেখানেও পাওয়া গেল না। গোসল তো হবেই না, খাবারও কিনতে হবে হোটেল থেকে।’