পুরান ঢাকায় তীব্র যানজট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার থেকে নয়াবাজার মোড়ে হেঁটে যেতে সময় লাগে মাত্র তিন মিনিট। কিন্তু গাড়িতে যেতে সময় লাগে কমপক্ষে ৩০ মিনিট। একই রকম সময় অপচয় হয় নারিন্দা থেকে রায়সাহেব বাজার মোড়ে যেতে। ওই দুই সড়কের মতো পুরান ঢাকার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের একই অবস্থা। বিশেষ করে সদরঘাটের ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে গুলিস্তান পর্যন্ত সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা। ঈদুল ফিতর সামনে রেখে ওই এলাকায় যানজট আরও বাড়বে বলে এলাকার লোকজন আশঙ্কা করছে। তবে ঢাকা দক্ষিণ ট্রাফিক পুলিশ বিভাগের দাবি, ঈদে পুরান ঢাকার যানজট কমাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।রফিকুল আলম নামে এক বাসযাত্রী সদরঘাটের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। থাকেন বাংলামোটর এলাকায়। তিনি প্রথম আলোকে বলেন, বাংলামোটর থেকে বঙ্গবাজার পর্যন্ত ভালোভাবেই যাতায়াত করা যায়। কিন্তু গুলিস্তান গেলে যেন গাড়ি চলেই না। ফেরার সময় আবার সদরঘাট থেকেই পড়তে হয় ভয়াবহ যানজটে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ট্রাফিক বিভাগের (দক্ষিণ) ডেপুটি কমিশনার আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ঈদ এলেই ওই এলাকায় যানজট অনেকটা বেড়ে যায়। যানজট নিয়ন্ত্রণে রাখতে তাই কয়েক ধাপে ট্রাফিক পুলিশকে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে এক ঘণ্টারও বেশি সময় লাগে গুলিস্তান যেতে। আর বাবুবাজারসংলগ্ন মিটফোর্ড হাসপাতাল এলাকা থেকে গুলিস্তান অথবা যাত্রাবাড়ী যেতে সময় লাগে গড়ে ৫০ মিনিট। ফলে দুর্ভোগে পড়তে হয় সব শ্রেণীর যাত্রীদের। মো. জহিরুল ইসলাম নামে এক বাসযাত্রী জানান তাঁর দুর্ভোগের কথা। তিনি অভিযোগ করে বলেন, কুমিল্লার দাউদকান্দি থেকে যাত্রাবাড়ী আসতে সময় লাগে মাত্র এক ঘণ্টা। কিন্তু যাত্রাবাড়ী থেকে ইসলামপুরে (কাপড় কিনতে আসা) যেতে সময় লাগে দেড় ঘণ্টা।পুরান ঢাকায় যানজটের কারণ: রাজধানীর অন্য এলাকার চেয়ে একটু ভিন্ন চিত্র দেখা যায় পুরান ঢাকার যানজটের ক্ষেত্রে। সব সড়কেই চলছে রিকশা। এ ছাড়া অনেক সড়কের দুই পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের যানবাহন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়কের দুই পাশে ফুটপাত ও গাড়ি পার্কিংয়ের কারণে প্রতিদিনই ওই এলাকায় যানজট লেগে থাকে। এ বিষয়ে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরও তা মানছেন না পরিবহনশ্রমিকেরা। এ ছাড়া পুরান ঢাকায় জেলা দায়রা জজ আদালত, ঢাকা জেলা পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক (সদরঘাট শাখা), ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল, সদরঘাট টার্মিনাল, কবি নজরুল, সোহ্রাওয়ার্দী কলেজসহ রয়েছে অনেক শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান। এ কারণে দিন দিন বাড়ছে ওই এলাকার যানজট। নাম প্রকাশে অনিচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, পুরান ঢাকার যানজট কমাতে ট্রাফিক পুলিশের সঙ্গে সবাইকে সচেতন হতে হবে। এ ছাড়া ঢাকা জেলা দায়রা জজ আদালত ও বাংলাদেশ ব্যাংক (সদরঘাট শাখা) স্থানান্তর ও পুরান ঢাকার প্রধান সড়কগুলোতে রিকশা চলাচল বন্ধ করা দরকার বলে তিনি মনে করেন।সদরঘাট যাওয়ার বিকল্প পথ: যাত্রাবাড়ী থেকে সদরঘাট যাওয়ার বিকল্প সড়ক বেছে নিয়েছেন লেগুনা (হিউম্যান হলার) চালকেরা। এতে বেশি পথ ঘুরলেও সময় কম লাগে বলে দাবি করেন চালকেরা।সোহেল রানা নামে এক লেগুনা চালক বলেন, ওই সড়কে যানজট বেশি থাকলে কাঠেরপুল ও সূত্রাপুর এলাকা (গিঞ্জি এলাকা) ঘুরে সদরঘাট আসা-যাওয়া করা অনেক ভালো। এতে সময় কম লাগে ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় না।