পুরান ঢাকায় তীব্র যানজট মানুষের দুর্ভোগ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হওয়ায় লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তীব্র যানজটে পড়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে যানবাহন। প্রধানত অবৈধ তিনটি বাস ও ছয়টি ট্রাকস্ট্যান্ড, রাস্তা দখল করে ব্যবসায়ীদের মালামাল রাখা, টং দোকান তৈরি করা এবং মাত্রাতিরিক্ত অযান্ত্রিক যানবাহনের চাপে কয়েকটি সড়কে এ যানজট সৃষ্টি হচ্ছে। ট্রাফিক বিভাগ বলছে, লোকবল-স্বল্পতার কারণে অনেক স্থানে ট্রাফিক পুলিশ দেওয়া সম্ভব হচ্ছে না।বাবুবাজার নদীরঘাট, নয়াবাজার ও ভিক্টোরিয়া পার্কের চারপাশে তিনটি অবৈধ বাসস্ট্যান্ড রয়েছে। এ ছাড়া বাবুবাজার নদীরঘাট, কাচ ও আয়না মার্কেটের সামনে, আরমানিটোলা মাঠের চারপাশ, নবাব ইউসুফ রোড, ইংলিশ রোড পার্কের চারপাশ ও ধোলাইখালে গড়ে উঠেছে ছয়টি অবৈধ ট্রাকস্ট্যান্ড। এসব যানবাহন রাস্তার বেশির ভাগ জায়গা দখল করে রাখায় রাস্তা কমে গেছে। এ কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। সম্প্রতি বাবুবাজার, নয়াবাজার, মিটফোর্ড রোড ও আরমানিটোলাসহ আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে।বাবুবাজার এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সোহেল জানান, দিনের বেলায় কাভার্ডভ্যানে মালামাল ওঠানো-নামানো এবং আশপাশে বাস ও ট্রাকের অবৈধ স্ট্যান্ডের কারণে এলাকায় সার্বক্ষণিক যানজট লেগে আছে। তিনি জানান, দিনের বেলায় রাস্তা দখল করে মালামাল ওঠানো-নামানো বন্ধ করতে হবে।সৈয়দ নজরুল ইসলাম সরণির ইংলিশ রোড থেকে গুলিস্তান পর্যন্ত রাস্তার উভয় পাশে রয়েছে রড, অ্যাঙ্গেল, প্লেনসিট ও সেনেটারি মালামালের দোকান। এ রাস্তাটি প্রায় ১০০ ফুট চওড়া হলেও রাস্তার উভয় পাশে ভ্যান, ঠেলাগাড়ি, ট্রাক, পিকআপ, প্রাইভেট কার ও মালামাল রাখা হচ্ছে। রড ও আয়রন ব্যবসায়ীদের অসাবধানতা এবং যেখানে-সেখানে ঝুঁকিপূর্ণ মালামাল ওঠানো-নামানোর কারণে প্রায়ই ছোটবড় দুর্ঘটনা ঘটছে। বাবুবাজার নদীরঘাট থেকে নয়াবাজার পর্যন্ত বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর উভয় পাশের ফুটপাত ও রাস্তা দখল করে করে গড়ে উঠেছে শতাধিক টং দোকান। রাস্তা দখল করে রাখা হয়েছে রিকশা, ভ্যান, ট্রলি ও পিকআপ। বাবুবাজার নদীরঘাট থেকে নয়াবাজার পর্যন্ত এলাকায় রয়েছে ওষুধ, চাল ও কাগজের মার্কেট। দোকানপাট খোলা হলে লোকজন ও যানবাহনের চাপ বেড়ে যায়। অবৈধভাবে রাস্তা দখলে থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।আরমানিটোলা মাঠের দক্ষিণ ও পশ্চিম পাশে রয়েছে রাসায়নিক পদার্থের দোকান। মাঠের চারপাশে ট্রাক ও পিকআপ-স্ট্যান্ড। এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে আরমানিটোলা, আনন্দময়ী, হাম্মাদিয়া, আহমেদ বাওয়ানি একাডেমিসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী। ট্রাকস্ট্যান্ডের কারণে শিক্ষার্থী ছাড়াও স্থানীয় লোকজনের ভোগান্তির যেন শেষ নেই।নয়াবাজার বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর গোড়া থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত রাস্তার পাশে রয়েছে নয়াবাজার বাসস্ট্যান্ড এবং ডিআইটি মার্কেটের সামনে ফুটপাত দখল করে গড়ে উঠেছে বেশ কিছু ফলের দোকান। কিছুদূর এগোতেই নবাব ইউসুফ রোডের উত্তর পাশে আরেকটি ট্রাকস্ট্যান্ড। সেখানে রাস্তা দখল করে ট্রাক ও পিকআপভ্যান রাখা হয়েছে। আরও কিছুদূর এগোতেই ইংলিশ রোড পার্কের দুই পাশে আরেকটি ট্রাক ও পিকআপ-স্ট্যান্ড। এসবের কারণে এলাকায় যানজট লেগেই আছে। কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) ফাহিমা হোসেন প্রথম আলোকে বলেন, মিটফোর্ড চৌরাস্তায় কমপক্ষে পাঁচজন কনস্টেবল রাখা প্রয়োজন। কিন্তু সেখানে মাত্র একজন দেওয়া সম্ভব হচ্ছে।তোরণগুলো এখনো বহালনয়াবাজার ডিআইটি মার্কেট, তাঁতিবাজার মোড়, বংশাল চৌরাস্তা, সিদ্দিকবাজার মোড়, নবাবপুর রোডের গুলিস্তান মাথাসহ আরও কয়েকটি স্থান, ইংলিশ রোড, রায়সাহেব বাজার, কোর্ট-কাচারি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-সংলগ্ন, সদরঘাট ও মিটফোর্ড এলাকায় নির্মিত তোরণ এখনো সরানোর উদ্যোগ নেওয়া হয়নি। এসব তোরণ রাস্তা দখল করে থাকায় সেখানে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।