পুরান ঢাকায় দুটি বেকারিকে জরিমানা
বিএসটিআইয়ের সনদের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করতে হয়। কিন্তু বিএসটিআই থেকে নোটিশ দেওয়ার পরও তা আর নবায়ন করা হয়নি। এই অভিযোগে ইউসূফ বেকারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, গতকাল ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার কোর্টকাচারি-সংলগ্ন ইউসূফ বেকারির কারখানায় অভিযান চালান। ওই প্রতিষ্ঠান পাউরুটি তৈরিতে বিএসটিআই থেকে সনদ নেয়। কিন্তু মেয়াদ শেষে আর নবায়ন করেনি। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এরপর আদালত পুরান ঢাকার জেলখানা এলাকার নন্দন ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানায় অভিযান চালান। ওই প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে সনদ না নিয়েই কেক তৈরি ও বাজারজাত করছিল। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তা কাওসার আহমেদ খান ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল আদালতকে সহায়তা করেন।