পুরান ঢাকায় দেয়ালচাপায় নারীসহ নিহত ২
পুরান ঢাকার গেন্ডারিয়ার ৬১/১ সতীশ সরকার লেনে ভবনের সীমানা দেয়াল ভেঙে চাপা পড়ে নারীসহ দুজন পথচারী নিহত হয়েছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে সতীশ সরকার লেনের ভেনাস মালেকা গার্ডেনের নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিংয়ের কাজ চলাকালে পাশের পাঁচতলা ভবনের সীমানা দেয়াল ধসে পড়ে। এতে পথচারী আ. রশিদ (৪৮) ও মায়ানুর বেগম (৪০) চাপা পড়ে মারা যান।পুলিশ অজ্ঞাতপরিচয় এ দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, হাজি দেলোয়ার প্রায় ২৫ বছর আগে তাঁর বাড়ির সীমানা দেয়াল নির্মাণ করেন। ১০ ফুট উঁচু দেয়ালটি পরিকল্পিতভাবে নির্মাণ না করায় পাশের বাড়িটি নির্মাণের জন্য পাইলিংয়ের সময় সেটি ধসে পড়ে।এ ঘটনায় গেন্ডারিয়া থানার পুলিশ ভবনটির মালিক হাজি দেলোয়ার ও তাঁর ছেলে মো. বাবুলকে আটক করেছে।বিকেল চারটার দিকে নিহত দুজনের আত্মীয়স্বজন হাসপাতালের মর্গে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন।নিহত আ. রশিদের ছেলে মো. হালিম জানান, তাঁর বাবা গতকাল সকাল আটটার দিকে ওষুধ কেনার জন্য গেন্ডারিয়া এলাকায় শরীফ ফার্মেসিতে যান। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। তাঁদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ধীৎপুর।নিহত মায়ানুর বেগমের ছেলে লোকমান হোসেন জানান, তাঁর মা সকাল ১০টার দিকে ২১/২ মিরহাজীরবাগ এলাকার আবু বকরের ভাড়া বাড়ি থেকে গেন্ডারিয়া এলাকার এক বাড়িতে গৃহস্থালির কাজ করতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।গেন্ডারিয়া থানার অপারেশন কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, এ ঘটনায় বাড়ির মালিক ও তাঁর ছেলেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি।নির্মাণাধীন ভবনের কর্মরত শ্রমিকেরা ঘটনার পরই কাজ ফেলে পালিয়ে যান। মালিককেও খুঁজে পাওয়া যায়নি।