গত এক সপ্তাহে একের পর এক হত্যা ও গুলির ঘটনায় পুরান ঢাকার ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। নিরাপত্তার দাবিতে তারা গতকাল মঙ্গলবার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে দিনভর সমাবেশ ও বিক্ষোভ করেছেন।গত বুধবার বিকেলে তাঁতীবাজারে চাঁদাবাজদের গুলিতে স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম খুন হন। সোমবার নর্থব্রুক হল রোডে সন্ত্রাসীদের গুলিতে মোটরপার্টসের ব্যবসায়ী নিজাম উদ্দিন ও কর্মচারী নির্মল সেন আহত হন। গতকাল মঙ্গলবার সন্ত্রাসীদের হাতে সাকিব আমান নামের আরেক যুবক খুন এবং গেন্ডারিয়ায় গুলিতে বাচ্চু সরকার (৫৫) নামের এক নিরাপত্তা প্রহরী আহত হন।সন্ত্রাসীদের গুলিতে মোটরপার্টসের ব্যবসায়ী নাজিম উদ্দিন ও কর্মচারী নির্মল সেন আহত হওয়ার পর গতকাল মঙ্গলবার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে আসেন। তাঁরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। পরে তাঁরা সমিতির কার্যালয়ে এক জরুরি সভার আয়োজন করেন। সভায় ব্যবসায়ীরা কয়েকটি সিদ্ধান্ত নেন।সিদ্ধান্তগুলো হচ্ছে ব্যবসায়ী ও কর্মচারীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার প্রতিবাদে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখাকে স্বাগত জানানো, প্রশাসনের ঊর্ধ্বতন মহলের ঘটনাস্থল পরিদর্শন, আগামী সাত দিনের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা কামনা করা, নর্থব্রুক হল রোড ও লিয়াকত এভিনিউ, ভিক্টোরিয়া পার্ক এভিনিউ রোডে পুলিশ মোতায়েনের ব্যবস্থা এবং এসব সিদ্ধান্ত সাত দিনের মধ্যে বাস্তবায়নের দাবি জানানো। দাবি পূরণ না হলে ব্যবসায়ীরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ত্রাসীদের গুলিতে আহত মোটরপার্টসের ব্যবসায়ী নিজাম উদ্দিন ও কর্মচারী নির্মল সেনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। গুলিতে প্রহরী আহত: পুরান ঢাকার গেন্ডারিয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে বাচ্চু সরকার নামের এক প্রহরী আহত হয়েছেন। গতকাল দুপুরে পাঁচতলা ভবনের নিচতলায় মোজা তৈরির কারখানায় তিনি দায়িত্ব পালন করছিলেন। এ সময় মুখে কাপড় বেঁধে কয়েকজন সন্ত্রাসী এসে তিন রাউণ্ড গুলি ছোড়ে। তিনি মাটিতে শুয়ে পড়লে একটি গুলি তাঁর হাঁটুতে বিদ্ধ হয়।