পুরান ঢাকায় পরিবহনশ্রমিক ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ৬
বিনা টিকিটে বাসে উঠতে না দেওয়ার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীদের সঙ্গে পরিবহনশ্রমিকদের সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। ছাত্রলীগের ক্ষুব্ধ কর্মীরা এ সময় বেশ কয়েকটি বাস ভাঙচুর করেন।গতকাল সোমবার সকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সন্ধ্যা পর্যন্ত গুলিস্তান-সদরঘাট সড়কে বাস চলাচল বন্ধ থাকে। এ সময় দুর্ভোগের শিকার হয় পথচারীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ে আসতে সাত রাস্তার মোড় থেকে ছাত্রলীগের কর্মী তমাল বিনা টিকিটে আজমেরী পরিবহনের একটি বাসে ওঠেন। পরিবহনশ্রমিক নাসির ছাত্রলীগের ওই কর্মীকে টিকিট করতে বললে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বেলা পৌনে ১১টায় ক্যাম্পাসে পৌঁছে তমাল বিষয়টি জানালে ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী বাস কাউন্টারে গিয়ে হামলা চালান। এ সময় পরিবহন শ্রমিকেরা একজোট হয়ে ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।সংঘর্ষে ছাত্রলীগের কর্মী তমাল, রবিন, রনি, মিজান, পরিবহনশ্রমিক নাসিরসহ ছয়জন আহত হন। ছাত্রলীগের ক্ষুব্ধ কর্মীরা বাহদুর শাহ পার্ক এলাকায় ৮-১০টি বাস ভাঙচুর করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুরের পর থেকে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম সংঘর্ষের ঘটনা স্বীকার করে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি জানান, পরিস্থিতি এখন শান্ত।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, শ্রমিকদের হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাঞ্ছিত হয়েছে খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।