পুরান ঢাকায় প্রচণ্ড যানজটে জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পুরান ঢাকার কয়েকটি স্থানে ছিল প্রচণ্ড যানজট। এতে যানবাহনের যাত্রী, পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অত্যন্ত দুর্ভোগ পোহাতে হয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত ৩১ জুলাই থেকে ঢাকা মহানগর পণ্য পরিবহন মালিক এজেন্সি লাগাতার ধর্মঘটের ডাক দেয়। গত বুধবার তারা ধর্মঘট প্রত্যাহার করে নেয়। এতে গত চার দিনের জমে থাকা মালামাল দেশের বিভিন্ন স্থানে পাঠানোর কাজ শুরু হয়। ফলে রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। গতকাল পুরান ঢাকার নয়াবাজার, বাবুবাজার, আরমানীটোলা, মিটফোর্ড, ইসলামপুর রোড, ইমামগঞ্জ ও আশপাশ এলাকার পথগুলো দীর্ঘ সময় ধরে যানজটে প্রায় স্থবির হয়ে পড়েছিল।ভ্যানচালক সফিউদ্দিন জানান, ভোরে তিনি শ্যামপুর থেকে মালামাল নিয়ে চকবাজারে রওনা হন। তিন ঘণ্টায় তিনি বাবুবাজার এসে পৌঁছান। তিনি বললেন, ‘আর ভাই কইয়েন না, ভোরে রওনা হয়ে এখান পর্যন্ত আইছি।’ গতকাল বাবুবাজার বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর উভয় পাশে অসংখ্য কাভার্ড ভ্যান, ট্রাক, পিকআপ ভ্যান দেখা গেছে যানজটে আটকা পড়ে আছে। এতে যানবাহনের যাত্রীদের অত্যন্ত দুর্ভোগ পোহাতে হয়েছে।বাবুবাজারের বাসিন্দা মোহাম্মদ নাঈম বলেন, ‘যানজটের কারণে রাস্তায় গাড়ি বের করতে সাহস পাচ্ছি না।’ চাল ব্যবসায়ীরা জানান, যানজটের কারণে গতকাল তাঁদের বেচা-বিক্রি কম হয়েছে। এক ব্যবসায়ী জানান, যানজট এমন হয়েছে যে স্কুলগামী শিক্ষার্থীদের রাস্তা পারাপার হওয়া কঠিন হয়ে পড়েছে।যানজটের কারণ জানতে চাইলে ট্রাফিক দক্ষিণ বিভাগের পুলিশের উপকমিশনার আকরাম হোসেন প্রথম আলোকে জানান, পণ্য পরিবহন সংস্থা ধর্মঘটের ডাক দেয়। এতে গত তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে মালামাল পাঠানো বন্ধ ছিল। গত বুধবার মালামাল নেওয়া শুরু হলে এই যানজটের সৃষ্টি হয়। আজ শুক্রবার বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।