পুরান ঢাকায় বাসচাপায় নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের দক্ষিণ ফটকের সামনে গতকাল সোমবার সকালে বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা দুটি বাস ভাঙচুর করে। নিহত ওই ব্যক্তির নাম লাইজু আক্তার (৩৫) বলে জানিয়েছে কোতোয়ালি থানা-পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পারাপারের সময় ব্রাদার্স পরিবহনের একটি বাসের চাপায় লাইজুর মৃত্যু হয়। বাসটি গাবতলী থেকে বেড়িবাঁধ হয়ে বাবুবাজারের দিকে যাচ্ছিল। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দুটি বাস ভাঙচুর করে ও কিছুক্ষণ রাস্তা আটকে রাখে।কোতোয়ালি থানার পুলিশ জানায়, নিহত নারী ওই এলাকার বিভিন্ন দোকানে পানি সরবরাহ করতেন। পুলিশ বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।