পুরান ঢাকায় বাসের চাপায় হকার নিহত
রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে গতকাল শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী এক হকার নিহত ও দুজন রিকশাযাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা-দোহার রুটের মহানগর পরিবহনের একটি বাস বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু অতিক্রম করছিল। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা ও সাইকেল আরোহীর ওপর দিয়ে চলে যায়। এতে সাইকেল আরোহী চক-পেনসিল বিক্রেতা সাদেকুর রহমান, রিকশাচালক নজরুল ইসলাম ও রিকশাযাত্রী পূর্ণিমা গুরুতর আহত হন।আশপাশের লোকজন ও টহল পুলিশ এগিয়ে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদেকুর রহমানকে মৃত ঘোষণা করেন। রিকশাচালক নজরুল ইসলামকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয় এবং যাত্রী পূর্ণিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ চালক বাবুল মিয়াসহ বাসটি আটক করে বংশাল থানায় নিয়ে যায়।খবর পেয়ে নিহতের স্ত্রী ও স্বজনেরা হাসপাতালে ছুটে যান। নিহতের স্ত্রী সাহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রতিদিন সকালে তাঁর স্বামী বাসা থেকে বের হন। গতকাল ঘন কুয়াশার কারণে বাসা থেকে দেরিতে বের হন। বেলা ১১টা বেজে যাওয়ায় তিনি স্বামীকে বের হওয়ার তাগিদ দেন। তিনি আরও বলেন, ঘরভাড়া ও ছেলেমেয়েদের মাদ্রাসার বেতন দেওয়া হয়নি। এ কারণে তাঁকে (স্বামীকে) তাড়াতাড়ি বের হতে বলা হয়। বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের প্রথম আলোকে বলেন, মহানগর পরিবহনের বাসটি দোহার থেকে ঢাকায় আসার পথে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর কাছে এসে নিয়ন্ত্রণ হারায় বলে চালক বাবুল মিয়া তাঁদের জানিয়েছেন। ঘটনাটি সত্য কি না, তা যাচাই করা হবে। এ ব্যাপারে বংশাল থানায় একটি মামলা হয়েছে। নিহত সাদেকুর রহমানের বাবার নাম মৃত আব্বাস উদ্দিন। গ্রামের বাড়ি কেরানীগঞ্জের ঝাউচরে। তিনি এক ছেলে ও দুই মেয়েসন্তানের জনক ছিলেন।