পুরান ঢাকায় বিদ্যুতের অস্বাভাবিক বিল
ফরিদাবাদ, গেন্ডারিয়া, হাটখোলাসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। এ ছাড়া ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডিপিডিসি) কিছু অসাধু লোক নানাভাবে প্রতারণা করছেন বলেও অভিযোগ রয়েছে।
গতকাল রোববার এসব এলাকায় গিয়ে অভিযোগের কথা জানা যায়। হাটখোলার সৈয়দ নজরুল ইসলাম সড়কে রাজধানী সুপার মার্কেটের আশপাশের বাড়িগুলোয় অস্বাভাবিক বিল আসছে বলে বাসিন্দারা মনে করছেন। একটি বহুতল বাড়ির বাসিন্দা আইয়ুব আলী বলেন, তিনি বাড়ির মিটারে নিয়মিত রিডিং দেখেন। রিডিংয়ের সঙ্গে বিলের মিল থাকছে না। বাড়িতে কোনো শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র, ওভেন বা গিজার ব্যবহার করা হয় না। খুব প্রয়োজন না হলে ইলেকট্রিক ইস্তিরিও ব্যবহার করা হয় না। কিন্তু বিল আসছে গড়ে ৬ হাজার টাকা। যেখানে এক বছর আগেও ওয়ারীতে তাঁদের বাসায় বিল আসত গড়ে ২ হাজার ২০০ টাকা। এ সময়ে বিদ্যুৎ ইউনিটের কিছু দাম বাড়লেও বর্তমান বিলের সঙ্গে তা অসামঞ্জস্যপূর্ণ।
হাটখোলার পদচারী-সেতুর কাছে একটি বাড়িতে বসবাস করেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সোলায়মান হোসেন। তিনি বলেন, তাঁর বাসায় চারটি বাতি, তিনটি বৈদ্যুতিক পাখা চলে। বিল আসে গড়ে ২ হাজার টাকা।
ফরিদাবাদ এলাকার গ্রাহকদের বড় একটি অংশ বিদ্যুৎ বিলের অস্বাভাবিকতা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতি মাসে তাঁদের বাসায় যে বিদ্যুৎ বিল আসছে তা এক অর্থে ভুতুড়ে। ডিপিডিসির আঞ্চলিক কার্যালয়ে অভিযোগ করলেও কোনো কাজ হয় না। অন্তত পাঁচজন বাসিন্দা সরাসরি অভিযোগ করেন, ডিপিডিসির কিছু অসাধু পরিদর্শক ও মিটার রিডারের দৌরাত্ম্যে এলাকাবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অতিরিক্ত বা ভুতুড়ে বিলের বিষয়ে অভিযোগ করা হলে তাঁদের এককথা—পরবর্তী মাসের বিলে কমিয়ে পুষিয়ে দেওয়া হবে। কিন্তু বিষয়টি যে ভাঁওতাবাজি তা সহজেই বোঝা যায়। কারণ, যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হয়ে থাকে, তার থেকে দ্বিগুণ, এমনকি তিন গুণ বিলও তাঁদের ধরিয়ে দেওয়া হয়।
ফরিদাবাদ-গেন্ডারিয়ায় সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন প্রথম আলোয় লিখিত অভিযোগ পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, অনেক গ্রাহক আছেন, যাঁরা আর্থিকভাবে সচ্ছল নন। অথচ তাঁদের বাসায় এবং দোকানপাটে নিয়মিত অতিরিক্ত বিদ্যুৎ বিল দেওয়া হচ্ছে। এই বিলের কারণে পরিবার ও ক্ষুদ্র দোকানিরা বিপাকে পড়ছেন। অনেকে নির্ধারিত সময়ে বিল পরিশোধ করতে পারছেন না। এ ধরনের ঘটনা পুরান ঢাকার অন্য এলাকাতেও হচ্ছে বলে সংগঠনটি জানায়।
বিল বিড়ম্বনার বাইরেও আরও ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের। জানা গেছে, ফরিদাবাদ-গেন্ডারিয়া এলাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার ভয়ভীতি দেখানো হচ্ছে। বিদ্যুতের লোড বাড়ানোর নামে প্রতারণাও করা হচ্ছে। কিছুদিন আগে ঝড়ে বৈদ্যুতিক খুঁটি উপড়ে তার ছিঁড়ে যায়। বাসাবাড়ির সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। পুনঃসংযোগের জন্য গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে টাকা নেওয়া হয়।
সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক মাহবুবউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রাকৃতিক দুর্যোগে তার ছিঁড়ে গেলে পুনঃসংযোগের জন্য প্রতি বাসাবাড়ি থেকে অনেকটা জোর করে ৫০০ টাকা করে আদায় করা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি পুরান ঢাকায় বিদ্যুৎ বিল নিয়ে বিড়ম্বনা মারাত্মকভাবে বেড়ে গেছে। মিটার রিডাররা বাসাবাড়ির মিটার নিরাপদ জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান। ডিপিডিসির অসাধু কর্মচারীরা মিটারগুলো জনসমক্ষে রাখার নামে অতিরিক্ত বিল জুড়ে দেন। বাসাবাড়ির ভালো মিটারও নষ্ট করে দেওয়া হচ্ছে। স্থানীয় আঞ্চলিক কার্যালয়ে গিয়ে এ ব্যাপারে স্পষ্টভাবে জানতে চাইলে কোনো সদুত্তর পাওয়া যায় না। পরে গ্রাহকদের বিভিন্নভাবে নাজেহাল হতে হয়।
এ বিষয়ে জানতে গতকাল দুপুরে ডিপিডিসির শ্যামপুর বাণিজ্যিক ও পরিচালন বিভাগের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে পাওয়া যায়নি। একজন সহকারী প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরিদর্শক ও মিটার রিডারদের মধ্যে সমস্যা রয়েছে, এটা সত্য। তবে অনেক গ্রাহক আছেন, যাঁরা নিজেরাই তাঁদের মিটারে কারচুপি করার জন্য নানা লোভ দেখান।