পুরান ঢাকায় বোমা তৈরিকালে বিস্ফোরণে একজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বংশালে গতকাল সোমবার দুপুরে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মোশাররফ হোসেন ওরফে বকুল (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো জানায়, গতকাল দুপুর দেড়টার দিকে বংশাল থানার নয়াবাজারের ফ্রেঞ্চ রোডের একটি বাড়ির দোতলার একটি কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। জানালার কাচ ভেঙে সড়কে গিয়ে পড়ে। শব্দ শুনে আশপাশের লোকজন ও হরতালে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা গিয়ে দেখতে পান, ভেতরে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে আছেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের লালবাগ অঞ্চলের উপকমিশনার হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ওই কক্ষে বোমা তৈরির বিভিন্ন আলামত পাওয়া গেছে এবং বিস্ফোরণে আহত ব্যক্তির শরীরে বোমা তৈরির কাঁচা উপকরণ লেগে ছিল। তিনি বলেন, ওই কক্ষ পরিদর্শন করে বোঝা গেছে, দীর্ঘদিন ধরে সেখানে বোমা তৈরি করা হচ্ছিল। হরতালে পিকেটিংয়ের জন্য ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে এখান থেকে বোমা সরবরাহ করা হতো বলে মনে করা হচ্ছে। ঘটনার পর ওই বাড়ির নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ওই বাড়িটি সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির। তিনি ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। সবাই জানত ওই কক্ষটি ব্যাগ তৈরির কারখানা। এ ব্যাপারে চেষ্টা করেও বাড়ির মালিক সিরাজুলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি বজলুল করিম আবেদ প্রথম আলোকে বলেন, সিরাজুল নামের কোনো নেতা আছে কি না, তা তিনি জানেন না। এ ছাড়া স্থানীয় কয়েকজন জানান, আহত মোশাররফ হোসেন ছোটবেলা থেকেই ওই এলাকায় আছেন। তাঁর পরিবার-পরিজন সম্পর্কে কেউ কিছু জানেন না। আগে ডিশ সংযোগের চাকরি করলেও পরে ওই কথিত ব্যাগ কারখানায় চাকরি নেন। মাদক ব্যবসার সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ আছে।