পুরান ঢাকায় মশা তাড়াতে ওষুধ ছিটিয়েছে ডিসিসি
রাজধানীর পুরান ঢাকার কয়েকটি এলাকায় গত শনিবার বিকেলে মশা নিধনের ওষুধ ছিটিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। তবে অনেক এলাকায় এখনো মশার ওষুধ ছিটানো হয়নি। এতে মশার প্রকোপ বেড়েই চলছে বলে লোকজন অভিযোগ করেছেন।গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ডিসিসির কর্মীরা পুরান ঢাকার বাবুবাজারের ঝুমরাইল লেন, গোপীনাথ দত্ত কবিরাজ স্ট্রিট, বাবুবাজার মাজার ও চালের আড়তের আশপাশের এলাকায় মশক নিধনের তরল অ্যাডালটিসাইড ছিটায় এবং ধোঁয়া দেওয়া হয়। এর ফলে ওই এলাকায় মশা ও তেলাপোকার উৎপাত কমেছে। বাবুবাজার কাজী জিয়াউদ্দিন রোডের বাসিন্দা মোহাম্মদ নাঈম জানান, প্রতিবছর আরমানিটোলায় কোরবানির পশুর হাট বসে। গরু, মহিষ ও ভেড়ার মলমূত্রের কারণে এলাকায় মশার প্রকোপ বাড়ে। এ ছাড়া ডিসিসি নিয়মিত নর্দমা পরিষ্কার না করাও মশা বাড়ার অন্যতম প্রধান কারণ। লালবাগের খাজে দেওয়ান এলাকার গৃহবধূ নাজনীন করিম জানান, তাঁদের এলাকায় মশার প্রকোপ ব্যাপকভাবে বেড়েছে। সন্ধ্যার পর ছেলেমেয়েরা পড়ার টেবিলে বসতে পারে না। সারা রাত মশার কয়েল জ্বালিয়ে রাখতে হয়। তাঁর অভিযোগ, ডিসিসি দীর্ঘদিন ধরে মশার ওষুধ ছিটায় না বলে মশার প্রকোপ বেড়েছে।প্রসঙ্গত, গত শুক্রবার প্রথম আলোতে ‘রাজধানীতে মশার প্রকোপ বেড়েছে’ শীর্ষক সংবাদ ছাপা হয়।