পুরান ঢাকায় ম্যানহোল উপচে রাস্তা সয়লাব
পুরান ঢাকার ইংলিশ রোডে চিত্রামহল সিনেমা হলসংলগ্ন রাস্তায় ম্যানহোল উপচে মানুষের মলমূত্রে রাস্তা সয়লাব হয়ে গেছে। এসবের তীব্র গন্ধে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একটি রড ও আয়রন দোকানের কর্মকর্তা ফজলুর রহমান জানান, তিন সপ্তাহ আগে সিনেমা হলসংলগ্ন আবাসিক হোটেল দ্বীনের সামনের রাস্তায় একটি ম্যানহোলের ঢাকনা ভেঙে যায়। সে সঙ্গে রাস্তার কিছু অংশও ভেঙে পড়ে। ওই ম্যানহোল উপচে মানুষের মলমূত্র রাস্তায় ছড়িয়ে পড়েছে। সকালের দিকে ময়লা পানিতে রাস্তাটি সয়লাব হয়ে যায়। ওই অবস্থায় রাস্তা পার হতে গিয়ে লোকজনের শরীরে ময়লা পানি লাগছে। ফলে প্রায়ই পথচারীদের সঙ্গে গাড়িচালকদের কথা কাটাকাটি হচ্ছে। ময়লা পানির গন্ধে দোকানে বসে থাকা কঠিন হয়ে পড়েছে। ফজলুর রহমান বলেন, গত কয়েক দিন আগে তিনি মসজিদে যাওয়ার পথে গাড়ির চাকা থেকে মলমূত্র ছিটকে এসে তাঁর কাপড় নষ্ট হয়ে যায়। তিনি অভিযোগ করেন, দ্বীন হোটেল থেকে মলমূত্র এসে ম্যানহোল ভরাট হয়ে গেছে। বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। আরেক ব্যবসায়ী আবু তালেব জানান, ম্যানহোল উপচে ময়লা রাস্তায় সয়লাব হয়ে পড়েছে। ফলে ক্রেতারাও সহজে দোকানে ঢুকতে চায় না। ভাঙা ম্যানহোলের সামনের পান দোকানি জানান, প্রায় এক মাস ধরে ম্যানহোলের ঢাকনা ভেঙে গেছে। সেটি উপচে মানুষের মলমূত্র রাস্তায় সয়লাব হচ্ছে। গাড়ির চাকা থেকে ময়লা পানি প্রায়ই ছিটকে দোকানে পড়ছে। কোনো ক্রেতা দোকানের সামনে দাঁড়াতে পারে না। রাতের অন্ধকারে লোকজন প্রায়ই ময়লার পানির গর্তে পড়ে ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। রড ও আয়রন ব্যবসার এক শ্রমিক জানান, সিনেমা হল ও আবাসিক হেটেলের মলমূত্র রাস্তায় সয়লাব হচ্ছে। সকালের দিকে হোটেলের লোকজন গোসল করায় পানির পরিমাণ বেড়ে পুরো রাস্তা ভিজে যায়। ম্যানহোল ভাঙা থাকায় রাস্তায় প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। জানতে চাইলে গতকাল বুধবার ঢাকা ওয়াসার অঞ্চল-২-এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম বলেন, ঘটনাটি জানার পরই ম্যানহোলটি মেরামতের জন্য সংশ্লিষ্ট পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার চিত্রামহল সিনেমা হলের সামনে গিয়ে দেখা যায়, ঢাকনাবিহীন ম্যানহোলে স্থানীয় লোকজন একটি বাঁশ দিয়ে লোকজনকে সতর্ক করেছে। ঢাকনাবিহীন ম্যানহোল উপচে পানি গড়িয়ে রাস্তায় পড়ছে। এতে রাস্তার কিছু অংশও ভেঙে পড়েছে। দীর্ঘদিনেও সেটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি বা কেউ ম্যানহোলটি পরিষ্কারও করেনি বলে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা অভিযোগ করেন।