পুরান ঢাকায় ম্যানহোল থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার রাজার দেউরি এলাকার একটি ম্যানহোলের ভেতর থেকে গতকাল বুধবার মাজহারুল হক নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ দাবি করছে, মাজহারুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে পুলিশ ৪০ নম্বর রাজার দেউরি বাড়ির সামনের একটি ম্যানহোলের ভেতর থেকে মাজহারুলের (৩০) লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) লুৎফুল কবির বলেন, নর্দমার সংযোগ বন্ধ হয়ে ময়লা পানি উপচে পড়ায় পরিচ্ছন্নতা কর্মীরা গতকাল সকালে ম্যানহোল পরিষ্কার করতে যান। ঢাকনা খুলতেই তাঁরা মানুষের মাথা দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।নিহত মাজহারুল হকের মামাতো ভাই নিজাম উদ্দিন জানান, মাজহারুল রাজমিস্ত্রি কাজের জোগালি ছিলেন। তাঁর দুই ছেলে রয়েছে। স্ত্রী ছোট ছেলেকে নিয়ে অন্য এক যুবকের সঙ্গে চলে যায়। এতে মাজহারুল মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, সে ব্যাপারে নিশ্চিত জানা যায়নি।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান বলেন, মাজহারুল চিহ্নিত সন্ত্রাসী। এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে তিনি জড়িত ছিলেন। তিনি বলেন, তাঁর সহযোগীদের হাতেই মাজহারুল খুন হয়েছেন। তাঁর নামে থানায় হত্যাসহ তিন-চারটি মামলা রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।