পুরান ঢাকায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পুরান ঢাকায় অসহনীয় যানজট নিরসনে গতকাল বৃহস্পতিবার মাঠে নেমেছেন ভ্রাম্যমাণ আদালত। রাস্তা দখল করে থাকা অবৈধ পার্কিং, ভাসমান দোকান ও ব্যবসায়ীদের মালামাল সরিয়ে দিয়েছেন এই আদালত। দুপুরে রায়সাহেব বাজার মোড় থেকে তাঁতীবাজার মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ ও রেয়াজুল হক প্রথম আলোকে বলেন, রড ও অন্যান্য লোহার সামগ্রীর ব্যবসায়ীরা নিজেদের দোকানের সীমানার বাইরে মালামাল রাখেন। এতে অনেক জায়গাজুড়ে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। ব্যবসায়ীদের এ জন্য সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে রাস্তা দখল করে মাল রাখা হলে জরিমানা আদায় করা হবে।সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, পুরান ঢাকায় যানজটের প্রধান কারণ অবৈধ তিনটি বাস ও ছয়টি ট্রাকস্ট্যান্ড। এ ছাড়া রয়েছে রাস্তা দখল করে দোকানের মাল রাখা, যানবাহন পার্ক করা, টং দোকান ও মাত্রাতিরিক্ত অযান্ত্রিক যানবাহনের চাপ। বাবুবাজার নদীরঘাট, নয়াবাজার ও ভিক্টোরিয়া পার্কের চারপাশে তিনটি অবৈধ বাসস্ট্যান্ড রয়েছে। এ ছাড়া বাবুবাজার নদীর ঘাট, কাচ ও আয়না মার্কেটের সামনের রাস্তা, আরমানিটোলা মাঠের চারপাশ, নবাব ইউসুফ রোড, ইংলিশ রোড পার্কের চারপাশ ও ধোলাইখালে গড়ে উঠেছে অবৈধ ট্রাকস্ট্যান্ড। এ কারণে রাস্তার পরিমাণ কমে গিয়ে যানজট হচ্ছে। ইদানীং বাবুবাজার, নয়াবাজার, মিটফোর্ড রোড, আরমানিটোলাসহ আশপাশের এলাকায় যানজট অনেক বেড়ে গেছে।বাবুবাজার এলাকার বাসিন্দা জাকির হোসেন জানান, দিনের বেলায় কাভার্ড ভ্যানে মালামাল ওঠানো-নামানো করা এবং অবৈধ ট্রাক ও বাসস্ট্যান্ডের কারণে এলাকায় সার্বক্ষণিক যানজট লেগে আছে।সৈয়দ নজরুল ইসলাম সরণি-সংলগ্ন ইংলিশ রোড থেকে গুলিস্তান পর্যন্ত রাস্তার উভয় পাশে রয়েছে রড ও অন্যান্য নির্মাণসামগ্রী এবং স্যানিটারি মালামালের দোকান। এ সড়কটি প্রায় ১০০ ফুট চওড়া হলেও রাস্তার দুই পাশে ভ্যান, ঠেলা, ট্রাকসহ নানা ধরনের গাড়ি ও মালামাল স্তূপ করে রাখা হয়। ঝুঁকিপূর্ণভাবে মালামাল ওঠানো-নামানোর কারণে ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে। আরমানিটোলা মাঠের দক্ষিণ ও পশ্চিম পাশে রয়েছে কেমিক্যালের দোকান। মাঠের চারপাশে গড়ে উঠেছে ট্রাক ও পিকআপ স্ট্যান্ড। এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে আরমানিটোলা, আনন্দময়ী, হাম্মাদিয়া, আহমেদ বাওয়ানি একাডেমিসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী। ট্রাকস্ট্যান্ডের কারণে স্থানীয়দের ভোগান্তির যেন শেষ নেই।তোরণগুলো এখনো বহাল: নয়াবাজার ডিআইটি মার্কেট, তাঁতীবাজার মোড় ও বংশাল চৌরাস্তায় দেড় বছর আগে নির্মিত তোরণ এখনো সরানো হয়নি। এসব তোরণের কারণে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। প্রায়ই তোরণের বাঁশে আঘাত পেয়ে গাড়ির কাচ ভেঙে যাচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।নয়াবাজারের ব্যবসায়ীরা জানান, তীব্র যানজটের সুযোগে নেশাখোরেরা মালামালবোঝাই রিকশা-ভ্যান আটক করে। তারা ব্লেড দিয়ে নিজের শরীর কেটে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায় করে। যানজটের কারণে প্রায়ই ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। ঝামেলার কারণে অনেকে থানায় যোগাযোগ করেন না।পুরান ঢাকার যানজটের কারণ সম্পর্কে জানতে চাইলে ট্রাফিক পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণের কারণে দুটি রাস্তা বন্ধ রয়েছে। এ কারণে গত দুই সপ্তাহ ধরে যানজট বেড়েছে। অবৈধ পার্কিং ও দখলদারদের সকালে সরানো হলে বিকেলে আবার দখলে চলে যায়। অবৈধ দখলদারদের কারাদণ্ড দেওয়া প্রয়োজন বলে মত দেন তিনি।