পুরান ঢাকায় যুবক হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার, রিমান্ডে
পুরান ঢাকার কোর্টহাউস স্ট্রিটে রজ্জব আলী (২৬) হত্যার ঘটনায় তাঁর বন্ধু রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার পুলিশ তাঁকে আদালতে পাঠিয়ে দুই দিনের রিমান্ডে নিয়েছে। রজ্জব আলী লাল মোহন সাহা স্ট্রিটে পুরোনো লোহা-লক্কড়ের দোকানের কর্মচারী ছিলেন। গত রোববার রাত আটটার দিকে কোর্টহাউস স্ট্রিটের রায় সাহেব মোড়ে সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনি নিহত হন। এ সময় সন্ত্রাসীরা তাঁর কাছে থাকা একটি মুঠোফোনও নিয়ে যায়। ওই দিন রাতে রজ্জবের ভাই জুম্মন বাদী হয়ে ঘটনার সময় রজ্জবের সঙ্গে থাকা বন্ধু রুবেলসহ ১৬ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার অপারেশন কর্মকর্তা মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, হত্যার ঘটনায় রুবেলকে গ্রেপ্তার করে গতকাল সোমবার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ওই মুঠোফোনটির জন্যই রজ্জবকে খুন করা হয়েছে। তিনি বলেন, এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।গ্রেপ্তারের আগে রুবেল সাংবাদিকদের কাছে দাবি করেন, ঘটনার সময় তাঁরা দুই বন্ধু মুঠোফোনে টাকা ভরার জন্য রায়সাহেব বাজার মোড়ের একটি দোকানে ঢুকছিলেন। তখন রজ্জবের নাম ধরে ডাক দেয় পূর্বপরিচিত বাবু। একপর্যায়ে বাবু রজ্জবকে ছুরিকাঘাতের চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় আরও ১৫-১৬ জন সন্ত্রাসী তাঁদের ঘিরে ফেলে। তারা রজ্জবকে টেনেহিঁচড়ে কিছু দূর নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। রুবেল বলেন, সন্ত্রাসীরা রজ্জবের পকেট থেকে মুঠোফোন ও তাঁর কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে ধারালো অস্ত্র উঁচিয়ে চলে যায়। তাঁর ধারণা, বাবুর সঙ্গে রজ্জবের শত্রুতা থাকতে পারে।পুলিশ জানায়, রজ্জবের ভাই জুম্মন পুলিশকে বলেছেন, রোববার রাত পৌনে আটটার দিকে মুঠোফোনে রজ্জবকে বাসা থেকে ডেকে নেওয়া হয়েছিল। গত রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রজ্জবের মা শহর বানু বলেন, দুবাই পাঠানোর জন্য কিছু দিন আগে রজ্জবের পাসপোর্ট করা হয়। কিন্তু সন্ত্রাসীরা তাকে বাঁচতে দিল না। পারিবারিক সূত্র জানায়, রজ্জব ১৪ মাস আগে বিয়ে করেন। তিন ভাই, দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর বাবার নাম মৃত আইউব আলী।