পুরান ঢাকায় সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক সড়ক দুর্ঘটনায় পুরান ঢাকায় তিন যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরান ঢাকার ওয়ারীতে ভোরে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন অজ্ঞাতনামা এক যুবক। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
ওয়ারী থানার উপপরিদর্শক সুকান্ত বিশ্বাস জানান, ভোরবেলা ওয়ারীর ধোলাইখাল গোয়ালঘাট এলাকায় ওই যুবককে বালুভর্তি একটি ট্রাক ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় সকাল ছয়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, ওই যুবক রাস্তার মাঝখানের আইল্যান্ডে ঘুমিয়ে ছিলেন। বেপরোয়া গতিতে চলা ট্রাকটি আইল্যান্ডের ওপর উঠে গেলে যুবকটি মারাত্মকভাবে আহত হন। ট্রাকের চালককে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। অজ্ঞাতনামা যুবকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এ ব্যাপারে ওয়ারী থানায় মামলা হয়েছে।
পুরান ঢাকার ধলপুর সিটি কলোনিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা টানা গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী আসাদুল (২৮)। রমনা থানা জানিয়েছে, শনিবার রাত পৌনে ১১টার সময় ধলপুর সিটি কলোনিতে ময়লা টানা গাড়ির ধাক্কায় আসাদুল গুরুতর আহত হন। রাত পৌনে ১১টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ইংলিশ রোডে চিত্রা সিনেমা হলের সামনে ট্রাকের ধাক্কায় শানিবার রাতে হযরত আলী (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজন পথচারী তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হযরত আলীর পৈতৃক বাড়ি পটুয়াখালীর বাউফল। গতকাল রোববার স্বজনেরা হাসপাতাল থেকে তাঁর লাশ নিয়ে যান।