বাবুবাজারে ‘জনপ্রতিনিধি জনতার মুখোমুখি’
পুরান ঢাকায় সড়কে নেই বাতি পরিচ্ছন্নতাকর্মীরা নিষ্ক্রিয়
ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত বাসাবাড়ি থেকে বর্জ্য নেন না। মহল্লার সড়কে ছড়িয়ে থাকে আবর্জনা৷ অধিকাংশ সড়ক পয়োনিষ্কাশনের পানিতে সয়লাব। পর্যাপ্ত বৈদ্যুতিক বাতি নেই বেশির ভাগ সড়কে। বিদ্যুতের খুঁটিগুলোও দীর্ঘদিন ধরে সংস্কার হয় না। সড়কগুলোতে দিনভর লেগে থাকে তীব্র যানজট।
ঢাকা দক্ষিণের মেয়র ও ওয়ার্ড কমিশনারকে মুখোমুখি পেয়ে এমন বহু অভিযোগ তুলে ধরেন পুরান ঢাকার বাবুবাজার এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার দুপুরে বাবুবাজারে এ মতবিনিময় সভার আয়োজন করে ডিএসসিসির ৩২ নম্বর ওয়ার্ড। সভার শিরোনাম ‘জনপ্রতিনিধি, জনতার মুখোমুখি’। এতে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন, ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল শাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রকিব উদ্দিনসহ ওয়াসার প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, পুরান ঢাকার অধিকাংশ এলাকায় দীর্ঘদিন ধরে পয়োনিষ্কাশন ও পানির লাইন একাকার হয়ে আছে। এতে ওয়াসার পানিতে ময়লা ও দুর্গন্ধ। তারপরও কোনো কোনো এলাকায় প্রায় ১৫ দিন ধরে নিয়মিত পানি আসে না। এসব সমস্যা থেকে মুক্তি চান স্থানীয় বাসিন্দারা৷
নগরের বাসিন্দাদের অভিযোগ শোনেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন৷ এ সময় তিনি সড়কে বৈদ্যুতিক বাতি লাগানো, ডাস্টবিন সরানো, ময়লা অপসারণ, পয়োনিষ্কাশনের সমস্যা নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন৷ এ ছাড়া স্থানীয় ব্যক্তিদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বাবুবাজার সেতুতে ওঠানামার সিঁড়ি ও সেতুর নিচের আইল্যান্ড উন্মুক্ত, মহানগর জেনারেল হাসপাতালকে ভারতের একটি আধুনিক হাসপাতালের আদলে মডার্ন হার্ট হাসপাতালে রূপান্তর, পুরান ঢাকায় একটি মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ, ধূপখোলা খেলার মাঠে আধুনিক শিশুপার্ক নির্মাণ, সব কমিউনিটি সেন্টার আধুনিকায়ন ও রাস্তাঘাট সংস্কারের ঘোষণা দেন৷
সাঈদ খোকন বলেন, ‘আপনাদের সমস্যার কথা মন দিয়ে শুনেছি, আমরা মন দিয়ে কাজ করব। আপনারা ডিএসসিসি থেকে কড়ায়-গন্ডায় কাজ বুঝে নেবেন। ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাই সন্ধ্যা সাতটার আগে ডাস্টবিনে ময়লা ফেলবেন না।’ মতবিনিময় সভার আগে ডিএসসিসির ৩২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, ড্রেন, ফুটপাত উন্নয়নকাজের ফলক উন্মোচন করেন মেয়র।