পুরোনো লাইনে নতুন পানি!
মিরপুরে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সোয়া ৫০০ কোটি টাকা খরচ করে সাভারের ভাকুর্তায় বসানো হবে ৪৬টি গভীর নলকূপ। সেখান থেকে সরবরাহ লাইনের মাধ্যমে পানি আনবে ঢাকা ওয়াসা। মিরপুরে বেশির ভাগ পানির লাইনই পুরোনো ও ছিদ্রযুক্ত। ভাকুর্তার বিশুদ্ধ পানি আসবে সেই লাইন দিয়ে। এ অবস্থায় মিরপুরে পানির অভাব কিছুটা মিটলেও এ পানি বিশুদ্ধ থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানতে চাইলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, মিরপুরের পানির লাইন পুরোনো সেটা সত্য। তবে অবৈধ সংযোগের কারণে পাইপ ছিদ্র হয়েছে। এ অবস্থায় ঢাকা ওয়াসা চেষ্টা করবে পাইপলাইন পরিবর্তন করার, যাতে বিশুদ্ধ পানি পাওয়া যায়।
বৃহত্তর মিরপুরে পানির চাহিদা ৬০ কোটি লিটার। বর্তমানে সরবরাহ করা যাচ্ছে প্রায় ৪৫ কোটি লিটার। এই পানি পাওয়া যাচ্ছে ১৫৪টি গভীর নলকূপ থেকে। মিরপুরের প্রায় পুরো এলাকায় পানির স্তর অস্বাভাবিক হারে নেমে যাওয়ায় গভীর নলকূপগুলো স্বাভাবিক ক্ষমতার পানি সরবরাহ করতে পারে না।
পাইপলাইনের অভাবে সায়েদাবাদ পানি শোধনাগারের পানিও মিরপুরে আসতে পারে না। একটি গভীর নলকূপ থেকে প্রতি মিনিটে তিন হাজার লিটার পানি উত্তোলন সম্ভব হলেও মিরপুরে ১ হাজার থেকে ১ হাজার ২০০ ফুট গভীরে পাইপ বসিয়েও প্রয়োজনীয় পানি উত্তোলন করা সম্ভব হয় না। চলতি বছরে ১০টি নতুন গভীর নলকূপ বসানো হয়েছে। বিকল বা অকেজো হয়ে যাওয়ায় ২০টির মতো নলকূপ প্রতিস্থাপন করা হয়েছে। কাজীপাড়া, পল্লবী, কাফুরুলসহ মিরপুরের বেশির ভাগ স্থানে পানির গভীর নলকূপ বদলাতে হবে বলে ওয়াসা সূত্র জানায়। তবে মিরপুরে ১০ নম্বর ও ২ নম্বর সেকশনে, সেনপাড়া-পর্বতায় নতুন পাইপলাইন বসানো হলেও বৃহত্তর মিরপুরে কবে নতুন পাইপ বসানো হবে তা কেউ জানেন না।