পুরোনো আসবাবের দখলে আজিমপুরের ফুটপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিমপুর রোডে ফুটপাত দখল করে চলছে পুরোনো আসবাবের ব্যবসা l ছবি: প্রথম আলো
আজিমপুর রোডে ফুটপাত দখল করে চলছে পুরোনো আসবাবের ব্যবসা l ছবি: প্রথম আলো

আজিমপুর রোডে ফুটপাত দখল করে পুরোনো আসবাবের ব্যবসা চলছে। ফুটপাতজুড়ে থাকা বিভিন্ন আসবাব এবং এর ক্রেতা-বিক্রেতার ভিড়ে পথচারীরা চলাচলে অসুবিধায় পড়ছে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের সহযোগিতায় এ ব্যবসা চলছে।
গতকাল শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, আজিমপুর রোডের শুরু থেকে কবরস্থান পর্যন্ত বাঁ পাশের ফুটপাতে অন্তত ২০টি পুরোনো আসবাবের দোকান। ফুটপাতের বড় অংশজুড়ে পুরোনো খাটের পায়া, তক্তা, ড্রেসিং টেবিল, চেয়ার ইত্যাদি জড়ো করে রাখা। নীল-সবুজ পলিথিনে মোড়া বেশ কিছু আসবাবের স্তূপও চোখে পড়ে। ফুটপাত ঘেঁষে মূল সড়কে কিছু খাবার টেবিল, সোফা রাখা হয়েছে।
আজিমপুরের অধিবাসী বেসরকারি চাকুরে আখতারুজ্জামান বলেন, ‘সন্ধ্যায় যখন বেশি কাস্টমার আসে, তখন পুরো ফুটপাতই বন্ধ হয়ে যায়। এখান দিয়ে আর চলা যায় না। আর আসবাব নিতে আসা ভ্যানগাড়ির জন্য এই রাস্তায় যানজট লেগেই থাকে।’
আজিমপুর কলোনির বাসিন্দা রিক্তা রানী সরকার বলেন, ‘এ দোকানগুলার জন্যে চলাচলে তো খুবই অসুবিধা হয়। কিন্তু কাকে বলব, বলেন?’
জানতে চাইলে ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘পেটের দায়ে এখানে ব্যবসা করি। সরকার আমাদের কোনো ব্যবস্থা করলে চইলা যাইতাম।’

এলাকাবাসী বলেন, গত এক বছরে ফার্নিচার ব্যবসায়ীদের চার-পাঁচজনকে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের দু-তিন দিন পর তাঁরা আবার দোকান বসান। ফুটপাতে এভাবে ব্যবসা চালানের পেছনে পুলিশের সংশ্লিষ্টতার অভিযোগ করে এলাকার বাসিন্দা শফিক আসজাদ বলেন, ‘থানাওয়ালারাই উঠায় আবার ওরাই বসতে দেয়। লেনদেনে বেশ-কম হইলে উঠায় দেয়; মিটমাট কইরা ওরা আবার বসে।’

পুলিশকে চাঁদা দেওয়ার কথা স্বীকার করে বাহার আলী নামের এক ব্যবসায়ী বলেন, ‘নাশতা-পানির জন্য ফাঁড়ি পুলিশরে ৫০ টাকা দেই। তারাই দৈনিক আইসা নিয়া যায়। টাকা না দিলে তো বইতে দিবো না।’

এ বিষয়ে আজিমপুর ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক মাহমুদুর রহমান বলেন, টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়। তিনি আরও বলেন, ডিএমপি থেকে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজিমপুরের এ দোকানগুলোও থাকবে না।

আজিমপুরের এই অংশটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের অধীন। ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান বলেন, ‘আমি এ পর্যন্ত অন্তত ৫০ বার ওদের উচ্ছেদ করেছি। এক সপ্তাহের মধ্যে আবার সব দোকান উঠায়ে দিবো। কিন্তু ওরা যেন আর না বসে, তার জন্য প্রশাসন ও পুলিশকে পদক্ষেপ নিতে হবে।’