পুরোনো ইজারাদারই পেল শ্যামলী শিশুমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন মাস বন্ধ থাকার পর শ্যামলীর শিশুমেলা বিনোদনকেন্দ্রটি আজ রোববার থেকে চালু হচ্ছে। পুরোনো ইজারাদারই আবার এক বছরের জন্য পার্কটি পরিচালনার দায়িত্ব পেয়েছে। ইজারা আদায়সংক্রান্ত ঝামেলায় ঢাকা উত্তর সিটি করপোরেশন গত বছরের ২৬ নভেম্বর পার্কটি সিলগালা করে বন্ধ করে দিয়েছিল।

আইনি জটিলতায় শ্যামলীর শিশুমেলা বিনোদনকেন্দ্রটির ইজারাদার মেসার্স ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেসের কাছ থেকে প্রায় ১২ বছর ইজারা পায়নি ডিএনসিসি। গত ২৬ নভেম্বর ডিএনসিসি অভিযান চালিয়ে বিনোদনকেন্দ্রটি বন্ধ করে সিলগালা করে দেয়।

এরপর থেকে প্রায় তিন মাস বন্ধ থাকে শিশুমেলা। সম্প্রতি পার্কটি পরিচালনার বিষয়ে ইজারাদার প্রতিষ্ঠান ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেসের সঙ্গে আবার এক বছরের নতুন চুক্তি হয় ডিএনসিসির। নতুন চুক্তির পর গত বৃহস্পতিবার বিকেলে ডিএনসিসি আবার পার্কটি চালুর জন্য সিলগালা খুলে দেয়।

এ সময় ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অজিয়র রহমান, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ও ইজারাদারের পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। অজিয়র রহমান বলেন, পার্কটিতে ইজারাদারের নিজস্ব মালামাল রয়েছে। বর্তমানে ডিএনসিসির পক্ষে নতুন সরঞ্জাম এনে শিশুমেলা চালু করাও সম্ভব হচ্ছে না। কিন্তু পার্কটি খুলে দেওয়ার জন্য জনগণের চাহিদা থাকায় আগের প্রতিষ্ঠানকেই নতুনভাবে এক বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে।

ডিএনসিসি সূত্রে জানা যায়, ইজারাদারের কাছ থেকে বকেয়া পাওনা আদায় করা হয়েছে। এ ছাড়া নতুন চুক্তি অনুসারে ইজারাদার ডিএনসিসিকে প্রতি মাসে ১ লাখ ৪১ হাজার টাকা দেবে।

আজ বেলা তিনটায় ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক আনুষ্ঠানিকভাবে বিনোদনকেন্দ্রটি সর্বসাধারণের জন্য আবার চালুর ঘোষণা দেবেন।