পুরোনো তোরণেই বারবার ব্যানার বদল, তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক মাস আগে পুরান ঢাকায় মাত্র দেড় কিলোমিটারের ব্যবধানে নির্মিত পাঁচটি তোরণ রাস্তার ওপর এখনো বহালতবিয়তে আছে। সেগুলোতে বারবার ব্যানার বদল করা হলেও সরানো হচ্ছে না তোরণগুলো। এ কারণে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা।পুরান ঢাকার বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর ওপরে নয়াবাজারের গোড়ায় একটি, নয়াবাজার ডিআইটি মার্কেটের সামনের সড়কে একটি, তাঁতীবাজার মোড়ে একটি, বংশাল চৌরাস্তায় একটি এবং গুলিস্তান সিদ্দিকবাজার মোড়ে একটি। এর মধ্যে বংশাল ও গুলিস্তানের দুটি তোরণ গত জুলাই মাসে এবং অপর তিনটি গত কোরবানির ঈদের আগে নির্মাণ করা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, বংশাল চৌরাস্তা ও গুলিস্তানের তোরণ দুটি আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হওয়ার আগে নির্মাণ করা হয়। কাউন্সিল শেষ হলে ওই তোরণ দুটিতেই দলীয় সভানেত্রী, সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে লেখা ব্যানার টানানো হয়। নির্মাণের পর থেকে একের পর এক জাতীয় ও দলীয় বিভিন্ন দিবসে শুধু ব্যানারের লেখা পরিবর্তন হচ্ছে। বর্তমানে বংশাল চৌরাস্তার তোরণটিতে সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন ও ওয়ার্ড নেতাদের নাম এবং গুলিস্তানেরটিতে সাংসদ মিজানুর রহমান খান ও স্থানীয় নেতাদের নাম লেখা ব্যানার রয়েছে।বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর ওপরের তোরণটি পশুর হাটে আগত ব্যক্তিদের স্বাগত জানাতে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে সেখানে ব্যানার পরিবর্তন করে জাতীয় পার্টির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক লেখা ব্যানার রয়েছে। একইভাবে নয়াবাজার ডিআইটি মার্কেটের সামনে ও তাঁতীবাজার মোড়ের তোরণ দুটিও কোরবানির পশুর হাটে আগত ব্যক্তিদের স্বাগত জানিয়ে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এ দুটি তোরণে সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের নাম লেখা ব্যানার রয়েছে।নয়াবাজার ডিআইটি মার্কেটের উত্তর পাশে ফুটপাতের দোকানি গৌরাঙ্গ ঘোষ জানান, গত কোরবানির ঈদের দুই দিন আগে তোরণটি নির্মাণ করা হয়। এরপর একের পর এক দিবস আসার সঙ্গে সঙ্গে শুধু ব্যানার পাল্টে যাচ্ছে। কবে যে এগুলো রাস্তা থেকে সরানো হবে তা জানা যাচ্ছে না।গুলিস্তানের সিদ্দিকবাজার মোড়ে ফুটপাতের চা দোকানি নাসির উদ্দিন জানান, ছয় মাস আগে এটি নির্মাণ করা হয়েছে। নির্মাণের পর অনেকবার ব্যানার পরিবর্তন করা হয়েছে। এটি ভেঙে না পড়া পর্যন্ত রাস্তা থেকে সরানো হবে না বলে তিনি মনে করছেন।বংশাল চৌরাস্তায় দায়িত্বরত দুজন ট্রাফিক পুলিশ কনস্টেবল জানান, চার-পাঁচ মাস আগে তোরণটি নির্মাণ করা হয়েছে। এটির কারণে সড়কের দুই পাশে প্রায় ১০ থেকে ১২ ফুট রাস্তা কমে গেছে। রাস্তায় যানবাহনের চাপ বেড়ে গেলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এ সময় রাস্তার পাশ দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।তাঁতীবাজার মোড়ে ফুটপাতের এক দোকানি জানান, গত কোরবানির ঈদের আগে তাঁতীবাজার মোড়ের তোরণটি নির্মাণ করা হয়। এটির কারণে প্রায়ই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাস দুর্ঘটনার কবলে পড়ছে। একই সঙ্গে এলাকায় তীব্র যানজট হচ্ছে।বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর গোড়ায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ কনস্টেবল জানান, সেতুর ওপর তোরণ থাকায় প্রায়ই সেতুতে তীব্র যানজটের সৃষ্টি হয়। তোরণের ফাঁকে রিকশা দাঁড় করিয়ে রাখে। এতে যানজটের মাত্রা আরও বেড়ে যায় বলে তিনি জানান। এ ব্যাপারে জানতে চাইলে লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তোরণগুলো যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সত্য। তোরণের ওপরের অংশটিতে কোনো সমস্যা না হলেও দুপাশের বাঁশগুলো সমস্যা সৃষ্টি করছে। এগুলো যাতে দ্রুত রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রয়াজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।