পুরোনো লাইনে নতুন পানি!
সায়েদাবাদ পানি শোধনাগারের দ্বিতীয় পর্যায় (ফেজ-২) চালুর মাধ্যমে আজ বৃহস্পতিবার ঢাকা ওয়াসার সংগ্রহে সাড়ে ২২ কোটি লিটার নতুন পানি যোগ হচ্ছে। তবে সে পানি সরবরাহ হবে প্রধানত পুরোনো লাইনে।ঢাকা ওয়াসা সূত্র ও বিশেষজ্ঞের মতে, প্রায় এক হাজার ১৪০ কোটি টাকা খরচ করে পানির উৎপাদন বাড়ানো হলেও, বিশেষ করে পুরান ও মধ্য ঢাকার স্থানীয় সরবরাহ লাইন সংস্কার বা উন্নত না করায় নগরবাসী সম্পূর্ণ বিশুদ্ধ পানি পাচ্ছে না। এসব লাইনের বেশির ভাগ পাইপ ব্রিটিশ ও পাকিস্তান আমলের, পুরোনো ও জং ধরা। অবৈধ সংযোগের কারণেও অনেক পাইপ ছিদ্র হয়ে আছে।ওয়াসার দায়িত্বশীল সূত্র জানায়, সায়েদাবাদ শোধনাগারের প্রথম পর্যায় নির্মাণের সময়ই পানির আলাদা লাইন করার প্রস্তাব ছিল। দ্বিতীয় পর্যায়ের সময়ও আলাদা লাইন করার কথা ওঠে। কিন্তু সময় এবং খরচের দিক চিন্তা করে তা করা হয়নি। শুধু এক এলাকা থেকে অন্য এলাকায় পানি সরবরাহের জন্য কিছু সঞ্চালন লাইন এবং বিতরণের জন্য কিছু ‘মেইন লাইন’ করা হয়েছে।বর্তমানে ঢাকা ওয়াসার পানির পাইপলাইন তিন হাজার ৫০ কিলোমিটার। ২০০১ সালে সায়েদাবাদ শোধনাগারের প্রথম পর্যায় চালুর সময় এর সরবরাহ লাইন করা হয় ৩৬ কিলোমিটার। এবার দ্বিতীয় পর্যায় নির্মাণের অংশ হিসেবে মিরপুর ঢাকা টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে রাসেল স্কয়ার এবং তেজগাঁও ও রামপুরায় মোট ১০ কিলোমিটার নতুন লাইন করা হয়। কিন্তু সায়েদাবাদ শোধনাগার থেকে এত দিন যে পাইপলাইনে পানি সরবরাহ করা হয়েছে, নতুন পানি আসার পরও একই লাইনে সরবরাহ করা হবে। শোধনাগার উপলক্ষে তৈরি মোট ৪৬ কিলোমিটার লাইনের সঙ্গে আন্তসংযোগের মাধ্যমে বাকি তিন হাজার চার কিলোমিটার পাইপলাইনে এই পানি সরবরাহ করা হবে। ওয়াসা সূত্র জানায়, বর্তমানে তিনটি শোধনাগারের পানি ছাড়া বেশির ভাগ পানির উত্তোলন হয় ৬৩১টি গভীর নলকূপ থেকে। নলকূপ থেকে তোলা পানিও আন্তসংযোগের কারণে শোধনাগারের পানির সঙ্গে যোগ হয়। ফলে নলকূপের পানি ভালো হলেও পুরোনো বা ছিদ্র পাইপলাইনে সরবরাহ হওয়ায় বিশুদ্ধতা কমে যায়। বিশেষজ্ঞ মত: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক পানিবিশেষজ্ঞ মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নগরের পানির পাইপলাইনগুলো এমনভাবে তৈরি যে প্রবাহ কম থাকলেই সমস্যা দেখা দেয়। বিশেষ করে শুকনো মৌসুমে লাইনে পানির চাপ অনেক কম থাকে। এতে পাইপে ছিদ্র থাকলেই বাইরে থেকে যেকোনো ময়লা (ড্রেনেজ বা পয়োনালার ময়লাসহ) ঢুকে যেতে পারে।’ তিনি আরও বলেন, ‘রাজধানীর পানির লাইনের যে নেটওয়ার্ক, তা পুরোপুরি পরিবর্তন করতে হলে প্রচুর টাকা এবং সময় লাগবে। বিশুদ্ধ পানি পেতে হলে অন্তত স্থানীয় সরবরাহ লাইনগুলোকে পুনর্বাসিত করতে হবে।’নতুন পানি পুরোনো লাইনের মাধ্যমে সরবরাহ হওয়া প্রসঙ্গে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে জানান, আপাতত পুরো লাইন না হলেও ঢাকা পানি সরবরাহ উন্নয়ন প্রকল্পের (ওয়াটার সাপ্লাই ডেভেলপমেন্ট প্রজেক্ট) আওতায় রাজধানীতে আড়াই হাজার কিলোমিটার নতুন পাইপলাইন বসানো হচ্ছে। খনন নয় (ট্রেন্সলেস) পদ্ধতিতে গুলশান, বনানীসহ নগরের কয়েকটি স্থানে এর প্রথম পর্যায়ের কাজ চলছে। তবে পুরান ঢাকাসহ রাজধানীর ৩০ ভাগ এলাকায় পুরোনো পদ্ধতিতে পাইপলাইন করতে হবে।কোন লাইন কত পুরোনো: পুরান ও মধ্য ঢাকার বেশির ভাগ লাইনই পুরোনো। ঢাকা ওয়াসার নথি থেকে জানা যায়, ব্রিটিশ আমলে প্রথম পানির পাইপ বসে পুরান ঢাকার হাজারীবাগ থেকে মিটফোর্ড, আরমানিটোলা, ইসলামপুর, শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, টিপু সুলতান রোড, ভিক্টোরিয়া পার্ক ইত্যাদি এলাকা হয়ে গেন্ডারিয়া পর্যন্ত। পাকিস্তান আমলে খিলক্ষেত-বাসাবো-মালিবাগ-মগবাজার ও আশপাশের এলাকা এবং ধানমন্ডির কিছু অংশে পাইপলাইন নির্মাণ করা হয়। স্বাধীনতার পর ১৯৭৩-৭৪ সালে পানির লাইন নির্মাণ করা হয় কারওয়ান বাজার এলাকায়। সায়েদাবাদ শোধনাগারের দ্বিতীয় পর্যায়ের পানিও পুরোনো লাইন দিয়ে এসব এলাকায় যাবে।সায়েদাবাদ (প্রথম), চাঁদনীঘাট ও নারায়ণগঞ্জ পানি শোধনাগার ছাড়াও ৬৩১টি গভীর নলকূপ থেকে ওয়াসার দৈনিক পানি উৎপাদন ছিল ২১৯ কোটি লিটার। সায়েদাবাদ দ্বিতীয় পর্যায়ের পানি যোগ হওয়ায় এখন ঢাকা ওয়াসার মোট উৎপাদন দাঁড়াচ্ছে প্রায় ২৪২ কোটি লিটার।